গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় একটি শক্তিশালী বিস্ফোরণে দোতলা আবাসিক ভবন ধসের ঘটনায় চার মার্কিন নাগরিকসহ অন্তত ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সময় শনিবার (২৬ সেপ্টেম্বর) উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে এ লাশগুলো উদ্ধার করেন।
গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটি ও অন্যান্য স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে চারজন মার্কিন নাগরিক (দুই পুরুষ ও দুই নারী), যাদের পরিচয় তাদের সাথে থাকা কাগজপত্র ও ব্যক্তিগত সামগ্রী দেখে নিশ্চিত করা হয়েছে। বাকি দুজন হলেন ভবনটির দ্বিতীয় তলায় বসবাসকারী এক বয়স্ক দম্পতি—যাদের একজন ব্রিটিশ পুরুষ এবং অন্যজন গ্রিক নারী। এছাড়া ফায়ার সার্ভিস জানিয়েছে, এই বিস্ফোরণের ফলে পাশের আরেকটি ভবনের দুই নারী আহত হয়েছেন।
প্রসঙ্গত, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় ছোট আকৃতির ওই দোতলা ভবনটিতে আকস্মিক এই বিস্ফোরণ ঘটে। এথেন্সের মেয়র হারিস ডুকাস জানিয়েছেন, প্রাথমিক ধারণা অনুযায়ী এটি একটি বড় ধরনের গ্যাস লিক বা লিকেজজনিত কারণে ঘটেছে।
বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং নিরাপত্তার স্বার্থে সেগুলোকে খালি করা হয়। মেয়র ডুকাস বলেন, এই ক্ষতি কেবল একটি ভবনে সীমাবদ্ধ নেই, বরং পুরো রাস্তা এবং পেছনের গলির ভবনগুলোতেও ছড়িয়ে পড়েছে। এটি একটি অকল্পনীয় বিপর্যয়। তিনি আরও জানান, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পাশের সংলগ্ন দুটি ভবন হয়তো শেষ পর্যন্ত ভেঙে ফেলতে হতে পারে।


