পাকিস্তানের বেলুচিস্তানে গত চার দিনে নিরাপত্তা বাহিনীর একাধিক অভিযানে ৭১ জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, রবিবার (২৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে আইএসপিআর জানায়, কোয়েটা জেলার শাবান ও আশপাশের এলাকায় ‘অপারেশন শাবান’-এ তীব্র গোলাগুলিতে ৩৩ জন এবং পরবর্তী ৭২ ঘণ্টায় আরও ২৩ জন নিহত হয়। এ সময় জঙ্গিদের কয়েকটি আস্তানা ধ্বংসের পাশাপাশি বিপুল অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
এ ছাড়া ২৫ সেপ্টেম্বর নুশকি জেলায় পৃথক অভিযানে ১১ জন এবং মান্দ এলাকায় আরও ছয়জন নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনীর গণমাধ্যম শাখা।
আইএসপিআর নিহতদের ‘ফিতনা আল-খাওয়ারিজ’ ও ‘ফিতনা আল-হিন্দুস্তান’ গোষ্ঠীর সদস্য এবং ভারত-সমর্থিত বলে দাবি করেছে। তবে এসব দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
আইএসপিআর আরও জানিয়েছে, সন্ত্রাসীদের হুমকি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান ও তল্লাশি অব্যাহত থাকবে। পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগানিস্তানের মাটিতে জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছে; তবে কাবুল এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।


