...|...|...

শিক্ষা

শতভাগ জিপিএ-৫ পাওয়া কাদির মোল্লা স্কুলকে শিক্ষা বোর্ডের শোকজ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:০৩ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৪১
Shares
শতভাগ জিপিএ-৫ পাওয়া কাদির মোল্লা স্কুলকে শিক্ষা বোর্ডের শোকজ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ অর্জন করা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রতিষ্ঠানটির শতভাগ জিপিএ-৫ অর্জন নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মো. মাসুদ রানা খানের স্বাক্ষরিত এক অফিস আদেশে প্রতিষ্ঠানটিকে এ নোটিশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর নরসিংদী সদর উপজেলার নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শতভাগ জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রে ‘নিয়ম-বহির্ভূত কৌশল’ অবলম্বনের অভিযোগ উঠেছে। বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশের পর অভিযোগটি শিক্ষা বোর্ডের নজরে আসে।

অভিযোগের সত্যতা যাচাই এবং প্রতিষ্ঠানের বক্তব্য জানতে বেশ কিছু তথ্য চেয়েছে শিক্ষা বোর্ড। এর মধ্যে প্রতিষ্ঠানে ভর্তিকৃত শিক্ষার্থী, নবম শ্রেণিতে নিবন্ধিত শিক্ষার্থী, এসএসসি নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষায় ফরম পূরণকারী শিক্ষার্থীদের তথ্য রয়েছে।

এ ছাড়া প্রতিষ্ঠানটির পাঠদান, বিভাগ এবং অতিরিক্ত শ্রেণি শাখার অনুমতিপত্রও, প্রযোজ্য ক্ষেত্রে, উপস্থাপন করতে বলা হয়েছে।

নোটিশ অনুযায়ী, এসব তথ্যসহ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্বশরীরে উপস্থিত হয়ে শতভাগ জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রে ওঠা অভিযোগের কারণ ব্যাখ্যা করতে হবে। এ জন্য তাদের সাত কার্যদিবস সময় দেওয়া হয়েছে।

শিক্ষা বোর্ড জানিয়েছে, অভিযোগের সার্বিক সত্যতা যাচাইয়ের অংশ হিসেবেই প্রতিষ্ঠানটির কাছে এসব তথ্য ও ব্যাখ্যা চাওয়া হয়েছে।