রাগ মানুষের স্বভাবজাত একটি প্রবৃত্তি। হতাশা, অসহায়ত্ব, অবিচার কিংবা তীব্র মানসিক চাপের কারণে মানুষ সাধারণত রাগের বশবর্তী হয়ে পড়ে। অনেক সময় তুচ্ছ বিষয় বা স্পষ্ট কোনো কারণ ছাড়াও মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে।
সমস্যা মূলত তখনই তৈরি হয়, যখন মানুষ রাগের কাছে হেরে যায়। চিৎকার, অপমানজনক ভাষা ব্যবহার বা শারীরিক ক্ষোভ প্রকাশের মাধ্যমে মানুষ নিজের আত্মসংযম হারিয়ে ফেলে। ইসলামে রাগ দমনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রকৃত শক্তির পরিচয় দিতে গিয়ে মহানবী (সা.) বলেছেন, সেই ব্যক্তি শক্তিশালী নয়, যে কুস্তিতে অন্যকে পরাস্ত করে; বরং প্রকৃত শক্তিশালী সেই ব্যক্তি, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। (সহিহ বুখারি)
রাগ দমন করা কেন জরুরি?
রাগের মুহূর্তে নিজেকে সংযত রাখা অত্যন্ত কঠিন হলেও এর সুফল অনেক ব্যাপক। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা রাগ সংবরণকারীদের ভূয়সী প্রশংসা করে বলেছেন-যারা সচ্ছল ও অসচ্ছল উভয় অবস্থাতেই দান করে, রাগ সংবরণ করে এবং মানুষের ভুল ক্ষমা করে দেয়, আল্লাহ মূলত সেই সৎকর্মশীল বান্দাদের ভালোবাসেন। (সুরা আল ইমরান, আয়াত: ১৩৪)
রাগ নিয়ন্ত্রণে মহানবী (সা.)-এর ৫টি সুপরামর্শ
হাদিসের আলোকে রাগ প্রশমিত করার ও আত্মসংযম অর্জনের পাঁচটি চমৎকার উপায় নিচে দেওয়া হলো:
আল্লাহর কাছে আশ্রয় চাওয়া
রাগের তীব্রতা বাড়লে শয়তানের প্ররোচনা থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। হাদিসে বর্ণিত হয়েছে, এক ব্যক্তির রাগে চেহারা লাল হয়ে গেলে নবীজি (সা.) তাকে ‘আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম’ (আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই) পড়ার পরামর্শ দিয়েছিলেন। এটি পাঠ করলে দ্রুত রাগ কমে যায়।
শারীরিক অবস্থান পরিবর্তন করা
মহানবী (সা.) পরামর্শ দিয়ে বলেছেন, কোনো ব্যক্তির রাগ হলে সে যদি দাঁড়িয়ে থাকে, তবে সে যেন বসে পড়ে। এতেও রাগ না কমলে শুয়ে পড়তে হবে। শারীরিক ভঙ্গি পরিবর্তনের মাধ্যমে মনের উত্তাপ অনেকটা কমে আসে।
অজু করা
রাগ মানুষের মনে উত্তাপ ও আগুন ছড়ায়। এই আগুন নেভানোর মোক্ষম মাধ্যম হলো পানি। নবীজি (সা.) রাগ দমনের জন্য অজু করার নির্দেশ দিয়েছেন, কারণ পানি যেমন আগুন নিভিয়ে ফেলে, তেমনি অজুর শীতলতা রাগের উত্তাপ প্রশমিত করে।
নীরব থাকা
রাগের মুহূর্তে মানুষের মুখ থেকে এমন অনেক কথা বের হয়ে যায়, যা পরবর্তীতে অনুশোচনার কারণ হয়। কটু কথা অপরের মনে গভীর ক্ষত সৃষ্টি করে। তাই রাগ হলে তাৎক্ষণিকভাবে চুপ বা নীরব থাকার বিকল্প নেই।
রোজা বা সংযমের কথা স্মরণ করা
রোজা অবস্থায় কোনো ব্যক্তি অন্যায় আচরণ বা কটূক্তির শিকার হলে সে যেন মনে করিয়ে দেয় যে সে রোজাদার। এই একটিমাত্র বাক্য মানুষকে আত্মসংযম ও ধৈর্যের কথা স্মরণ করিয়ে দেয় এবং ঝগড়া-বিবাদ থেকে দূরে রাখে।


