ঘুম মানুষের শরীর ও মনের সুস্থতার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। পর্যাপ্ত ঘুম না হলে দৈনন্দিন কাজকর্মে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। শরীরের স্বাভাবিক কার্যক্রমেও এর প্রভাব পড়ে। অথচ অনেকেই রাতে বিছানায় যাওয়ার পর দীর্ঘ সময় চেষ্টা করেও ঘুমাতে পারেন না। দুশ্চিন্তা, মানসিক অস্থিরতা কিংবা নানা কারণে এমন সমস্যা দেখা দিতে পারে।
ইসলামে ঘুমের আগে আল্লাহর কাছে আশ্রয় ও নিরাপত্তা চেয়ে দোয়া করার শিক্ষা রয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও রাতে ঘুমাতে অসুবিধা হলে একটি বিশেষ দোয়া পড়ার পরামর্শ দিয়েছিলেন। সাহাবি হজরত খালিদ ইবনে ওয়ালিদ (রা.)-কে তিনি এই দোয়া শিখিয়েছিলেন।
হাদিসের বর্ণনায় এসেছে, হজরত সুলাইমান ইবনে বুরাইদা (রহ.) তার পিতা থেকে বর্ণনা করেন, হজরত খালিদ ইবনে ওয়ালিদ (রা.) রাসুলুল্লাহ (সা.)-এর কাছে রাতে ঘুমাতে না পারার অভিযোগ করেন। দুশ্চিন্তা ও মানসিক চাপের কারণে তার ঘুমের সমস্যা হচ্ছিল।
তখন রাসুলুল্লাহ (সা.) তাকে নির্দেশ দেন, বিছানায় যাওয়ার পর যেন তিনি নিচের দোয়াটি পাঠ করেন।
আরবি:
اللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ السَّبْعِ وَمَا أَظَلَّتْ وَرَبَّ الأَرَضِينَ وَمَا أَقَلَّتْ وَرَبَّ الشَّيَاطِينِ وَمَا أَضَلَّتْ كُنْ لِي جَارًا مِنْ شَرِّ خَلْقِكَ كُلِّهِمْ جَمِيعًا أَنْ يَفْرُطَ عَلَىَّ أَحَدٌ مِنْهُمْ أَوْ أَنْ يَبْغِيَ عَلَىَّ عَزَّ جَارُكَ وَجَلَّ ثَنَاؤُكَ وَلاَ إِلَهَ غَيْرُكَ وَلاَ إِلَهَ إِلاَّ أَنْتَ
বাংলা উচ্চারণ:
আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতিস সাবয়ি ওয়া মা আজাল্লাত, ওয়া রাব্বাল আরদিনা ওয়া মা আকাল্লাত, ওয়া রাব্বাশ শায়াত্বিনি ওয়া মা আদাল্লাত। কুন লি জারাম মিন শাররি খালকিকা কুল্লিহিম জামিআ। আইঁ ইয়াফরুতা আলাইয়্যা আহাদুম মিনহুম আও আইঁ ইয়াবগিয়া আলাইয়্যা। আয্যা জারুকা ওয়া জাল্লা ছানাউকা, ওয়া লা ইলাহা গাইরুকা, ওয়া লা ইলাহা ইল্লা আনতা।
বাংলা অর্থ:
হে আল্লাহ! সাত আকাশের প্রতিপালক এবং সেগুলো যা কিছুর ওপর ছায়া বিস্তার করেছে, সাত জমিনের প্রতিপালক এবং সেগুলো যা কিছু ধারণ করে আছে, শয়তানদের প্রতিপালক এবং তারা যাদের পথভ্রষ্ট করেছে।
আপনি আপনার সব সৃষ্টির অনিষ্ট থেকে আমাকে রক্ষা করুন। তাদের কেউ যেন আমার ওপর বাড়াবাড়ি করতে না পারে কিংবা আমার বিরুদ্ধে সীমালঙ্ঘন করতে না পারে। আপনার আশ্রয় অত্যন্ত সম্মানিত, আপনার প্রশংসা অনেক মহান। আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই।
দোয়াটির শিক্ষা
এই দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহর কাছে সব ধরনের অনিষ্ট, বিপদ ও ক্ষতি থেকে নিরাপত্তা প্রার্থনা করেন। বিশেষ করে রাতে ঘুমাতে যাওয়ার সময় আল্লাহর ওপর ভরসা রেখে তার আশ্রয় চাওয়ার শিক্ষা পাওয়া যায়।
হাদিসের বর্ণনা অনুযায়ী, রাসুলুল্লাহ (সা.) সাহাবি খালিদ ইবনে ওয়ালিদ (রা.)-কে এই দোয়া পড়ার পরামর্শ দিয়েছিলেন। হাদিসটি সহিহ মুসলিম ও মিশকাতুল মাসাবিহে উল্লেখিত বলে উদ্ধৃত করা হয়েছে। তাই রাতে ঘুমাতে যাওয়ার সময় এই দোয়া পড়ে আল্লাহর কাছে নিরাপত্তা ও প্রশান্তি প্রার্থনা করতে পারেন।


