...|...|...

সারাদেশ

এসএসসি পাসের মিষ্টির টাকা দিয়ে ক্যান্সার আক্রান্ত সহপাঠীর মায়ের পাশে বন্ধুরা

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, বিকেল ৫:৪১ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:১৪
Shares
এসএসসি পাসের মিষ্টির টাকা দিয়ে ক্যান্সার আক্রান্ত সহপাঠীর মায়ের পাশে বন্ধুরা

টাঙ্গাইলের সখিপুরে এসএসসি পাসের আনন্দে মিষ্টিমুখ না করে সহপাঠীর ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে একদল শিক্ষার্থী। মিষ্টি কেনার জন্য রাখা টাকা তুলে দিয়ে তারা সৃষ্টি করেছে মানবিকতার অনন্য দৃষ্টান্ত।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার কালিদাস গ্রামের কলতান বিদ্যানিকেতনের এসএসসি পাস করা শিক্ষার্থীরা এ উদ্যোগ নেয়।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের কয়েকদিন আগে বিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম হাসানের মায়ের শরীরে ক্যান্সার শনাক্ত হয়। তার চিকিৎসায় বিপুল অর্থের প্রয়োজন হলেও নাঈমের পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। এ অবস্থায় সহপাঠীর মায়ের অসুস্থতার খবর পেয়ে শিক্ষার্থীরা এসএসসি পাসের আনন্দে মিষ্টিমুখ না করে তার চিকিৎসায় সহযোগিতা করার সিদ্ধান্ত নেয়।

এর অংশ হিসেবে রোববার শিক্ষার্থীরা নাঈমের দাদা আব্দুস সাত্তার সিকদারের হাতে ২০ হাজার টাকা তুলে দেয়। এ উদ্যোগে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরাও সহযোগিতা করেন।

এসএসসি পাস করা শিক্ষার্থী ইমরান, জাহিদ ও আপন বলেন, পাসের আনন্দে মিষ্টিমুখ করার চেয়ে অসুস্থ সহপাঠীর মায়ের পাশে দাঁড়াতে পেরে তারা বেশি আনন্দিত।

কলতান বিদ্যানিকেতনের কারিগরি ভোকেশনাল শাখা থেকে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৮২ পেয়েছেন নাঈম সিকদার। তিনি বলেন, ‘আমার মায়ের জন্য সবার কাছে দোয়া চাই। সেই সঙ্গে আমার মায়ের পাশে দাঁড়ানোর জন্য সহপাঠী, শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

বিদ্যালয়ের পরিচালক মো. আমিনুল ইসলাম বাদল বলেন, এসএসসি পাস করা শিক্ষার্থীরা ২০ হাজার টাকা এবং অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকরা আরও ২০ হাজার টাকা দিয়েছেন। সব মিলিয়ে নাঈমের মায়ের চিকিৎসার জন্য ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের এমন মানবিক উদ্যোগ দেখে আমি আপ্লুত হয়েছি।’