ময়মনসিংহের ফুলপুরে দুটি মাছের খামারে বিষ প্রয়োগ করে মাছ নিধন ও বৈদ্যুতিক তার চুরির অভিযোগ উঠেছে। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামারের মালিক মো. জালাল উদ্দিন।
অভিযোগ সূত্রে জানা যায়, ফুলপুর উপজেলার চর সাহাপুর গ্রামের বাসিন্দা জালাল উদ্দিনের বসতবাড়ির পূর্ব পাশে ৭২ শতাংশ এবং উত্তর পাশে ৩০ শতাংশ জমিতে দুটি মাছের খামার রয়েছে। এসব খামারে তিনি কই মাছ চাষ করছিলেন।
অভিযোগে বলা হয়, গত ১৬ আগস্ট রাত আনুমানিক ১১টার দিকে জালাল উদ্দিন খামারের মাছ দেখে বাড়িতে চলে যান। পরদিন ১৭ আগস্ট সকাল ৬টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে তিনি জানতে পারেন, খামারের মাছ মরে পানিতে ভেসে উঠেছে। পরে খামারের পানিতে বিষের গন্ধ পান বলে অভিযোগ করেন তিনি।
এ সময় খামারের পাড়ে গিয়ে তিনি দেখতে পান, মোটরের প্রায় ৬২ ফুট বৈদ্যুতিক তার নেই। চুরি হওয়া তারের আনুমানিক মূল্য ২০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
জালাল উদ্দিনের দাবি, বিষ প্রয়োগের কারণে খামারের বিপুলসংখ্যক কই মাছ মারা গেছে। এতে তার প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ঘটনায় লিখিত অভিযোগে সাইদুল ইসলাম (৫০), জহিরুল ইসলাম (৩৫), চান মিয়া (৪৫) ও জিল্লুর রহমান (৪৮)-এই চারজনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগকারীর দাবি, অভিযুক্তরা তার দুটি মাছের খামারে গ্যাস ট্যাবলেটজাতীয় বিষাক্ত পদার্থ প্রয়োগ করে মাছ নিধন এবং বৈদ্যুতিক তার কেটে নিয়ে গেছে।
ঘটনার পর স্থানীয় লোকজনকে বিষয়টি জানিয়ে থানায় লিখিত অভিযোগ করেন জালাল উদ্দিন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সাইদুল ইসলাম। তিনি বলেন, আমার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে অভিযোগ আনা হয়েছে। আমি এ বিষয়ে কিছুই জানি না।


