ঐতিহ্যবাহী আখাউড়া খড়মপুর মাজার শরীফের দানবাক্সের টাকা গণনা শেষে মোট ১ কোটি ৩ লাখ ৬৫১ টাকা পাওয়া গেছে। নগদ অর্থের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা, সোনা ও রূপাও পাওয়া গেছে।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া এবং মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ভক্তদের দান করা অর্থ নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।
হযরত শাহ সৈয়দ আহমেদ গেছুদারাজ (রহ.), যিনি ‘শাহপীর কল্লা শহীদ’ নামে সর্বজনপরিচিত, তার স্মরণে প্রতিবছর ১০ আগস্ট থেকে ওরস শরীফ শুরু হয়। গত ১৪ আগস্ট রাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরসের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়। তবে ওরস উপলক্ষে আয়োজিত মেলা আরও প্রায় এক মাস চলবে।
হাজার বছরের ঐতিহ্যবাহী এ ওরসে এবার রেকর্ডসংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগম হয়েছে বলে জানিয়েছে মাজার কর্তৃপক্ষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নৌ, সড়ক ও রেলপথে প্রতিদিন হাজার হাজার মানুষ মাজারে আসেন। ওরস চলাকালে বিশেষ করে আখাউড়াগামী ট্রেনগুলোতে ছিল মানুষের উপচে পড়া ভিড়।

