...|...|...

সারাদেশ

অভিযানের সময় পুলিশকে লক্ষ্য করে গুলি, গ্রেফতার ৫

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৫৫
Shares
অভিযানের সময় পুলিশকে লক্ষ্য করে গুলি, গ্রেফতার ৫

পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি। ছবি: নিজস্ব

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পুলিশের অভিযানের খবর পেয়ে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ ইয়াছিনের পাঁচ সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি শটগান ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তবে গুলিতে কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে এবং অভিযানের খবর পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। পরে অভিযান চালিয়ে ইয়াছিনের পাঁচ সহযোগীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি ও অস্ত্র মজুতের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়ে পাহাড়ের ভেতরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, জঙ্গল সলিমপুরের পাহাড়ি এলাকায় জমি দখল, পাহাড় কাটা, প্লট বিক্রি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একাধিক সশস্ত্র গোষ্ঠী সক্রিয়। এর মধ্যে ইয়াছিন বাহিনী অন্যতম। স্থানীয় সূত্রের দাবি, আলীনগর এলাকায় ইয়াছিনের নিয়ন্ত্রণ ছিল।

এর আগে গত ৯ মার্চ জঙ্গল সলিমপুরে প্রায় ৩ হাজার ২০০ সদস্যের অংশগ্রহণে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবি। ওই অভিযানে ২২ জনকে গ্রেফতার করা হলেও ইয়াছিন ও রোকন উদ্দিনসহ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছিল।