...|...|...

সারাদেশ

স্মরণকালের সবচেয়ে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন: এনসিপি নেতা আরমান

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৩১
Shares
স্মরণকালের সবচেয়ে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন: এনসিপি নেতা আরমান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট আরমান হোসাইন। ছবি: টাইমস টুডে

স্মরণকালের সবচেয়ে ব্যর্থ একজন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি। সালাউদ্দিন আহমেদের মনে হয় একটা ভয় আছে। সংস্কারের সাথে তার একটা শত্রুতা আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট আরমান হোসাইন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা এনসিপির নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, দেশের যাবতীয় যত রকম বড় বড় টেন্ডার আছে, যত রকম প্রকল্প আছে, সব বিষয়ে উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) বিশেষজ্ঞ। কিন্তু উনার নিজের যে ডিপার্টমেন্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা-এ বিষয়ে উনার কোনো উদ্যোগ নেই। উনার কোনো মাথাব্যথা নাই। রাতে মনে হয় যখন উনি ঘুমান, দুঃস্বপ্নে উনি মনে হয় সংস্কারকে দেখেন। সকালে উঠে উনি পরিকল্পনা করেন কীভাবে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে এদেশের সংস্কারকে যেন বাধা দেওয়া যায়, এ পরিকল্পনাটা মনে হয় উনার মাথায় সার্বক্ষণিক কাজ করে।

আরমান হোসাইন আরও বলেন, এ সরকার সংস্কার না চাওয়ার অন্যতম বড় কারণ হচ্ছে-যদি দেশের প্রতিষ্ঠানের সংস্কার হয়, এদেশের সংস্কার হয়, তাহলে সালাউদ্দিন আহমেদের পুত্র কমিশন বাণিজ্য করতে পারবেন না। যদি দেশের সংস্কার হয়, এদেশের প্রতিষ্ঠানের সংস্কার হয়, তাহলে দুদক আসিফ মাহমুদকে হয়রানি করতে পারবে না। এদেশের সংস্কার হলে পিএসসির মাধ্যমে সরকার তার নিজ দলীয় লোকদের নিয়োগ দিতে পারবে না। এদেশে সংস্কার হলে নির্বাচন কমিশনকে হস্তক্ষেপ করার মাধ্যমে সরকার প্রশ্নবিদ্ধ নির্বাচন করতে পারবে না।

সভায় রায়পুর উপজেলা এনসিপির আহ্বায়ক মো. ইব্রাহীম খলিলের সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ার হোসেন আরিফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক মোহাম্মদ মাসুম বিল্লাহ, সদস্য সচিব অ্যাডভোকেট শামসুজ্জামান সোহেল প্রমুখ।