অতীতের ব্যর্থ প্রেম বা সম্পর্কের পরিণতি না পাওয়ার হতাশায় বিয়ে থেকে দূরে থাকার সিদ্ধান্তকে ‘নির্বুদ্ধিতা’ বলেছেন জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। এক আলোচনা অনুষ্ঠানে শ্রোতার প্রশ্নের জবাবে তিনি অতীত আঁকড়ে না ধরে বাস্তবতা মেনে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে এক শ্রোতা জানান, ২০ বছর বয়সে তিনি একটি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। দুজনের মধ্যে ভালোবাসা থাকলেও দুই পরিবারের সম্মতি না পাওয়ায় মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যায়। বর্তমানে ২৮ বছর বয়সে এসে তিনি আর বিয়েতে আগ্রহী নন। এ অবস্থায় বিয়ে না করার বিষয়ে শরিয়তের বিধান কী—তা জানতে চান তিনি।
জবাবে শায়খ আহমাদুল্লাহ বলেন, বিয়েবহির্ভূত বা হারাম সম্পর্ক গুনাহের কাজ। আর সেই সম্পর্কের পরিণতি না হওয়া বা কাউকে হারানোর কষ্টে আজীবন বিয়ে না করার সিদ্ধান্ত নেওয়া বোকামি ও নির্বুদ্ধিতার শামিল।
তিনি বলেন, যাকে নিয়ে ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা করা হয়েছিল, তিনি যদি অন্যত্র বিয়ে করে সুখে-শান্তিতে সংসার করেন, তাহলে তার স্মৃতি ধরে নিজের জীবন থামিয়ে রাখার যৌক্তিকতা নেই।
শায়খ আহমাদুল্লাহ বাস্তবতা মেনে নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে বলেন, কেউ যদি অন্যত্র সংসার করে ভালো থাকতে পারেন, তাহলে নিজেরও নতুনভাবে জীবন শুরু করা উচিত।
অতীতের সম্পর্কটি না হওয়াকে ক্ষতি হিসেবে না দেখে বরং ‘ভুল জায়গা থেকে আল্লাহ বাঁচিয়েছেন’—এভাবে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নেওয়ার পরামর্শ দেন তিনি। একই সাথে আল্লাহর শুকরিয়া আদায় করে সামনে এগিয়ে যাওয়ার কথাও বলেন।


