...|...|...

জাতীয়

জাকির নায়েককে নিজের লেখা বই উপহার দিলেন আহমাদুল্লাহ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:০৬ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৪৪
Shares
জাকির নায়েককে নিজের লেখা বই উপহার দিলেন আহমাদুল্লাহ

জাকির নায়েকের হাতে নিজের লেখা ‘সকাল-সন্ধ্যা দুআ’ বইয়ের ইংরেজি সংস্করণ তুলে দেন শায়েখ আহমাদুল্লাহ। ছবি: সংগৃহীত

প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও ধর্মপ্রচারক ড. জাকির নায়েকের সাথে বাংলাদেশের ইসলামি বক্তা ও গবেষক শায়েখ আহমাদুল্লাহ সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে জাকির নায়েকের হাতে নিজের লেখা ‘সকাল-সন্ধ্যা দুআ’ বইয়ের ইংরেজি সংস্করণ তুলে দেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান আহমাদুল্লাহ।

সেখানে তিনি লেখেন, ‘মালয়েশিয়াতে প্রখ্যাত দাঈ ড. জাকির নায়েকের সাথে, তার হাতে তুলে দিচ্ছি ‘সকাল-সন্ধ্যা দুআ’ বইয়ের ইংরেজি ভার্সন।’

আহমাদুল্লাহর ‘সকাল-সন্ধ্যা দুআ’ বইটি এর আগে বিপুলসংখ্যক পাঠকের কাছে পৌঁছেছে।

এক পোস্টে তিনি জানিয়েছিলেন, রাসুলুল্লাহ (সা.)-এর সকাল-সন্ধ্যার দুআ ও যিকিরবিষয়ক বইটি ১২ লাখ মানুষের হাতে পৌঁছেছে।

এবার ঘুমানোর আগে নবীজি (সা.)-এর মাসনুন দুআ, যিকির ও তিলাওয়াত নিয়ে নতুন একটি বই প্রকাশের উদ্যোগের কথাও জানান তিনি। আহমাদুল্লাহ লিখেছেন, ‘১২ লাখ মানুষের হাতে ‘রাসুলুল্লাহ (সা.)-এর সকাল-সন্ধ্যার দুআ ও জিকির বইটি পৌঁছানোর পর এবার আসছে রাতে ঘুমানোর আগে নবীজি (সা.)-এর মাসনুন দুআ-জিকির ও তিলাওয়াতের বই (ইনশাআল্লাহ)।’

তিনি আরও লেখেন, ‘অন্য যে কোনো সময়ের মাসনুন আমলের তুলনায় ঘুমানোর পূর্বের মাসনুন আমলের ব্যাপারে আমাদের জানাশোনা ও আমল খুবই কম। তাই এ বিষয়ক বই আমাদের এবারের প্রয়াস।’

আহমাদুল্লাহর প্রকাশিত বইটিতে সহিহ বা গ্রহণযোগ্য হাদিসের ভিত্তিতে দুআগুলো সংকলন করা হয়েছে বলে জানানো হয়েছে। এতে দুআর মূল আরবি, বাংলা উচ্চারণ ও সহজ বাংলা অর্থের পাশাপাশি সংশ্লিষ্ট আমলের ফজিলত ও উপকারিতা হাদিসের সূত্রসহ উল্লেখ করা হয়েছে।

ছোট আকারের বইটি সহজে বহন করে নিয়মিত আমল করার উপযোগী করে তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই উপমহাদেশে অত্যন্ত জনপ্রিয় ইসলামিক বক্তা জাকির নায়েককে নিশানা বানানো হয়। তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনে একপ্রকার তাকে ‘দেশান্তরী’ হতে বাধ্য করা হয়। তবে দেশটি কখনোই নিজেদের অভিযোগের পক্ষে জোরালো তথ্যপ্রমাণ পেশ করতে পারেনি।