মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম নামে শেরপুরের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
নিহত সাইফুল ইসলাম শেরপুর সদর উপজেলার ফটিয়ামারী পুরাতনপাড়া (পাগলবাড়ি) এলাকার বাসিন্দা। তিনি আব্দুর রহিমের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মোটরসাইকেলে করে কর্মস্থলের উদ্দেশে রওনা দেন সাইফুল ইসলাম। পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন তিনি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাইফুল ইসলামের মৃত্যুর খবর দেশে পৌঁছালে শেরপুরের নিজ বাড়িতে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। পরিবারের সদস্যরা জানান, সাইফুল ইসলাম ছিলেন পরিবারের অন্যতম উপার্জনক্ষম ব্যক্তি।
নিহতের পরিবারের সদস্যরা তার লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার, মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।


