আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে চারটি নতুন বিষয় চালু হতে যাচ্ছে। বিষয়গুলো হলো- আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা এবং সংস্কৃতি। শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এ কথা জানিয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংবাদকর্মীদের প্রশ্নের উত্তরে তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, লেখাপড়ার পাশাপাশি শিশু-কিশোরদের সৃজনশীলতা, হাতে-কলমে দক্ষতা, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সাথে শুরু থেকেই যুক্ত রাখা জরুরি। এই উদ্দেশ্যেই নতুন বিষয়গুলো পাঠ্যক্রমে আনা হচ্ছে।
তিনি আরও জানান, ২০২৮ সাল থেকে প্রয়োজনের ভিত্তিতে শিক্ষাক্রমে পরিবর্তন ও পরিমার্জন করা হবে। শিক্ষার্থীদের চাহিদা এবং সময়ের দাবি বিবেচনা করে ভবিষ্যতে আরও নতুন বই অন্তর্ভুক্ত করার বিষয়টিও ভেবে দেখা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে গ্যাস ও জ্বালানি তেলের মূল্য বেড়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে আশপাশের দেশগুলোর তুলনায় দেশে ডিজেলের দাম এখনো কম রয়েছে।
তিনি জানান, অন্যান্য দেশের চেয়ে বেশি ভর্তুকি দিয়ে সরকার জ্বালানির দাম সহনীয় রাখার চেষ্টা করছে। তার ভাষ্য, এটি কোনো একক দেশের নয়, বরং বৈশ্বিক সংকট। জনগণের ওপর চাপ যেন কম পড়ে, তা মাথায় রেখে সরকার বাস্তবসম্মত উপায়ে পরিস্থিতি সামাল দিতে কাজ করছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহাদাত হোসাইন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মোহাম্মদ আক্কাস আলী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. সাখাওয়াত হোসেন খান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামান, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া ও কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

