বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের বদলি ও পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (৬ অক্টোবর) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
সোমবার (৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ শাখা থেকে এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়। উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত ওই আদেশে বদলি ও পদায়ন কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, ৬ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের বদলি ও পদায়ন করা যাবে না। সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক এবং দেশের সব মাধ্যমিক ও উচ্চশিক্ষা অঞ্চলের পরিচালকদের কাছে আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।
একই সাথে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও শাখাগুলোকে এ সিদ্ধান্তের বিষয়ে অবহিত করা হয়েছে।
এর আগে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি ও পদায়ন প্রক্রিয়ায় পরিবর্তন এনে নতুন নীতিমালা জারি করেছিল শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালায় বদলির ক্ষেত্রে তদবিরের সুযোগ কমানোর পাশাপাশি নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
নতুন ব্যবস্থায় লেকচারার ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের বদলির দায়িত্ব দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আঞ্চলিক পরিচালকের নেতৃত্বাধীন কমিটিকে। অ্যাসোসিয়েট প্রফেসরদের বদলি ও পদায়নের জন্য মাউশির মহাপরিচালকের নেতৃত্বে কমিটি করা হয়েছে। আর প্রফেসরসহ অন্যান্য শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বদলি ও পদায়নের দায়িত্ব দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের নেতৃত্বাধীন কমিটিকে।
নীতিমালায় বলা হয়েছে, বর্তমান কর্মস্থলে অন্তত দুই বছর চাকরি সম্পন্ন না করলে সাধারণভাবে বদলির আবেদন করা যাবে না। তবে বিশেষ শারীরিক, মানসিক বা পারিবারিক পরিস্থিতির ক্ষেত্রে নির্ধারিত শর্ত শিথিল করার সুযোগ রাখা হয়েছে।
এ ছাড়া বদলি বা পদায়নের আবেদন করার ক্ষেত্রে কর্মকর্তার পার্সোনাল ডাটা শিট (পিডিএস) হালনাগাদ থাকা এবং টানা তিন বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) সন্তোষজনক হওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান থাকলে বা কোনো অভিযোগের তদন্ত চলতে থাকলে তাকে বদলির জন্য অযোগ্য হিসেবে বিবেচনা করার বিধানও রাখা হয়েছে।


