নবম জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা পেতে পে-ফিক্সেশন বা বেতন নির্ধারণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের। এ প্রক্রিয়া শেষ হওয়ার পর তাদের ক্ষেত্রে নতুন বেতন কাঠামো কার্যকর হবে।
এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, সরকারি কর্মচারীদের মতো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন বেতন স্কেল অনুযায়ী বেতন নির্ধারণের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এ জন্য তাদের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হতে পারে।
এদিকে, নতুন বেতন কাঠামো কার্যকরের প্রয়োজনীয় উদ্যোগ নিতে গত ৯ নভেম্বর অর্থ বিভাগের সচিবের কাছে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
চিঠিতে বলা হয়েছে, বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। ২০২৬ সালের নতুন বেতন কাঠামো ঘোষণা করা হলেও তাদের জন্য এখনও এ সংক্রান্ত প্রয়োজনীয় সরকারি নির্দেশনা জারি করা হয়নি।
এ পরিস্থিতিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন স্কেলের আওতায় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।


