...|...|...

সারাদেশ

অস্ত্র হাতে ভাইরাল হওয়া সেই বুলেট শিবলু গ্রেফতার

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, বিকেল ৪:১৯
Shares
অস্ত্র হাতে ভাইরাল হওয়া সেই বুলেট শিবলু গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় অস্ত্র হাতে মহড়া দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে আলোচনায় আসা মো. শিবলু ওরফে ‘বুলেট শিবলু’কে গ্রেফতার করেছে পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলাসহ একাধিক মামলার আসামি শিবলুকে মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন গ্রামের পূর্বপাড়া এলাকার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শিবলু হাইলধর ইউনিয়নের নাছির মেম্বারের বাড়ির আবুল হাসেমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় শিক্ষার্থীদের সমাবেশে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ৫ সেপ্টেম্বর পাঁচলাইশ মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা করা হয়। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে প্রধান আসামি করে দায়ের করা ওই মামলায় ৯৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। শিবলু ওই মামলার ৬৯ নম্বর এজাহারনামীয় আসামি।

এদিকে, আনোয়ারায় এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দাদের ওপর দুই দফা হামলার অভিযোগেও মামলা রয়েছে শিবলুর বিরুদ্ধে। ওই মামলায় তাকে ১ নম্বর আসামি করা হয়েছে।

এছাড়া সম্প্রতি ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্সে কর্মরত সদস্য মো. আরিফুল ইসলামকে মারধর, মুঠোফোন ছিনিয়ে নেওয়া ও হেনস্তার অভিযোগও রয়েছে শিবলু ও তার সহযোগীদের বিরুদ্ধে।

গত বছরের ২৮ ফেব্রুয়ারি আগ্নেয়াস্ত্র হাতে শিবলুর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে কয়েকটি কার্তুজ ও আগ্নেয়াস্ত্র প্রদর্শন করতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তিনি কিছুদিন আত্মগোপনে যান। পরে এলাকায় ফিরে তিনি কিশোরদের নিয়ে একটি দল গড়ে তোলেন বলে অভিযোগ রয়েছে। প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগ থাকলেও ভয়ে স্থানীয়রা এ বিষয়ে মুখ খুলতে সাহস করতেন না। রাত হলে শিবলু ও তার সহযোগীদের কারণে এলাকার বাসিন্দারা আতঙ্কে থাকতেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘গ্রেফতারের সময় শিবলুর কাছ থেকে কোনো অস্ত্র পাওয়া যায়নি। তার বিরুদ্ধে আরও অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ থাকতে পারে। যাচাই-বাছাই শেষে তাকে আদালতে পাঠানো হবে।’

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান বলেন, ‘বিশেষ অভিযান চালিয়ে শিবলুকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ একাধিক নিয়মিত মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। অন্য কোনো থানায় তার বিরুদ্ধে মামলা আছে কি না, সেটিও যাচাই করা হচ্ছে।’