ময়মনসিংহের হালুয়াঘাট থানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। আগুনের ঘটনায় পৃথক দুই তদন্ত কমিটি করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) গভীর রাতে থানার ভেতরে অবস্থিত সেরেস্তা কক্ষে এ আগুনের সূত্রপাত হয়।
রবিবার (২২ নভেম্বর) দুপুরে দুপুরে হালয়াঘাট থানা পরিদর্শন শেষে বিকেলে ময়মনসিংহ জেলা পুলিশ ও রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়ে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. আশরাফুল করিম।
তিনি বলেন, গভীর রাতে থানার সেরেস্তা কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস ও আমরা ধারণা করছি- বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
তিনি আরও বলেন, থানায় অগ্নিকাণ্ডের বিষয়টি আমরা হালকা ভাবে নিচ্ছি না। অগ্নিকাণ্ডের ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি ঘোষণা করা হয়েছে। এর একটি কমিটি জেলা পুলিশ থেকে জেলা পুলিশ থেকে গঠন করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। তিন কার্য-দিবসের মাঝে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অপরটি ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে করা হয়ে করা হয়েছে।
এদিকে, থানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে রবিবার ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা আগুনে ক্ষতিগ্রস্ত স্থান ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
হালুয়াঘাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. মিজানুর রহমান খন্দকার বলেন, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এবিষয়ে ময়মনসিংহ রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, খবর পেয়ে সিআইডি একটি টিমসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিআইডি আলামত সংগ্রহ সংগ্রহ করেছে। ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে- বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তারপরেও বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য রেঞ্জের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মাঝে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে- আগুনের ঘটনাটি নাশকতা নাকি বৈদ্যুতিক শর্টসার্কিট।


