...|...|...

সারাদেশ

গাজীপুরে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, একই পরিবারের দগ্ধ ৩

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, দুপুর ১:৪৭ | আপডেট: ২১ অক্টোবর ২০২৬, দুপুর ১:৫২
Shares
গাজীপুরে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, একই পরিবারের দগ্ধ ৩

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

গাজীপুরে গ্যাস লিকেজ থেকে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ৩ জন গুরুতর দগ্ধ হয়েছেন। 

বুধবার (২১ অক্টোবর) সকালে টঙ্গীর একটি বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। বর্তমানে দগ্ধ তিনজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- লালচান (৬৫), তার স্ত্রী নাসিমা (৫০) এবং তাদের মেয়ে তানিশা (১৬)।

জিএমপির টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, টঙ্গী পশ্চিম থানার চেরাগ আলী মার্কেট সংলগ্ন মুদাফা (মাস্টার বাড়ী রোড) এলাকায় ভাড়া বাড়িতে দগ্ধরা বসবাস করেন। লাল চান ও নাসিমা স্বামী স্ত্রী। তারা উভয়ে পোশাক কর্মী। আজ সকাল ৬টার দিকে রান্না করতে রান্না ঘরে যায়। এ সময় আগুন জ্বালালে ঘরে ভিতরে আগুন ছড়িয়ে পড়ে তারা ৩ জনেই দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, গ্যাসের লাইনের লিকেজ থেকে ঘরে গ্যাস জমা ছিল। চুলা জ্বালানোর জন্য আগুন ধরালে আগুন ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে তারা দগ্ধ হয়। ঘরে বিস্ফোরণ হওয়ার কোনো আলামত পাওয়া যায়নি।

হাসপাতাল সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল ৭টার দিকে স্থানীয়রা দ্রুত দগ্ধদের উদ্ধার করে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সংলগ্ন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার গণমাধ্যমকে জানান, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তিনজনকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে।

তিনি জানান, দগ্ধদের শরীরের বড় একটি অংশ পুড়ে গেছে। তাদের মধ্যে লালচানের শরীরের প্রায় ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে। নাসিমার শরীরের প্রায় ৮৫ শতাংশ দগ্ধ হয়েছে। তানিশার শরীরের প্রায় ৮৫ থেকে ৮৬ শতাংশ দগ্ধ হয়েছে।

ডা. সুলতান মাহমুদ সিকদার আরও জানান, তিনজনের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক। বর্তমানে তাদের সবাইকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (ICU) রেখে জরুরি চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।