কানাডার আলবার্টা প্রদেশে অবস্থিত একটি সামরিক ঘাঁটির কাছে ছড়িয়ে পড়া এক বিশাল অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেছে। তবে প্রতিরক্ষামন্ত্রী সুনির্দিষ্টভাবে কোনো হতাহতের সংখ্যা নিশ্চিত করেননি।
রবিবার (১৮ অক্টোবর) ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, কানাডার সশস্ত্র বাহিনী এই আগুন নিয়ন্ত্রণে স্থানীয় কর্তৃপক্ষের সাথে যৌথভাবে কাজ করছে এবং এর প্রকৃত কারণ অনুসন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগুইন্টি বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত সক্রিয় এবং স্পর্শকাতর বলে অভিহিত করেছেন।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন যে, একটি গুরুতর ঘটনার ফলে মারাত্মক অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তিনি ক্ষতিগ্রস্ত সকল সাহসী সেনাসদস্য ও জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন।
যেখানে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, সেই কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইট দেশটির অন্যতম ব্যস্ত একটি সামরিক প্রশিক্ষণ ঘাঁটি। ওয়েনরাইট মিউনিসিপ্যাল ডিস্ট্রিক্ট জানিয়েছে, তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘাঁটির নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ভেতরে প্রবেশ করে।
আগুনটি ঠিক কখন সূত্রপাত হয়েছিল তা এখনও স্পষ্ট নয়, তবে স্থানীয় প্রশাসন প্রথম সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এই ঘটনার বিষয়ে সামাজিক মাধ্যমে তথ্য প্রকাশ করে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় কর্তৃপক্ষ জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলতে এবং সব জরুরি সেবামূলক যানবাহনকে যাতায়াতের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে।


