যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাসে ছড়িয়ে পড়া দাবানলে অন্তত ছয়টি বড় উপকূলীয় বাড়ি পুড়ে গেছে। আগুনের ঝুঁকিতে প্রায় ১৬ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে শত শত অগ্নিনির্বাপণকর্মী কাজ করছেন।
শনিবার (১৭ অক্টোবর) ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির সান জুয়ান ক্যাপিস্ট্রানো ও সান ক্লেমেন্তে শহরের মধ্যবর্তী পাহাড়ি এলাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ করেন অগ্নিনির্বাপণকর্মীরা। শুক্রবার সান ক্লেমেন্তে এলাকায় দাবানলটির সূত্রপাত হয়। পরে প্রবল বাতাসে আগুন ছড়িয়ে পড়ে সান জুয়ান ক্যাপিস্ট্রানো এলাকায়।
‘নর্তে ফায়ার’ নামে পরিচিত এই দাবানলে পাহাড়ের বিস্তীর্ণ এলাকা পুড়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া বাড়িগুলোর মধ্যে কয়েকটি পাহাড়ের ঢালে অবস্থিত, যেখান থেকে সমুদ্রের বিস্তৃত দৃশ্য দেখা যায়।
কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, শনিবার দাবানলটি প্রায় এক বর্গমাইল (প্রায় ২ বর্গকিলোমিটার) এলাকাজুড়ে ছড়িয়ে ছিল। এ সময় আগুনের মাত্র ৫ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল। আগুনে পুড়ে যাওয়া একটি বাড়ির ধ্বংসাবশেষে তখনো পানি ঢেলে আগুন পুরোপুরি নেভানোর চেষ্টা চলছিল।
দাবানলটির সূত্রপাত হয় শুক্রবার, যখন দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ‘সান্তা আনা’ নামে পরিচিত উষ্ণ ও শুষ্ক প্রবল বাতাস বইছিল। অভ্যন্তরীণ অঞ্চল থেকে উপকূলের দিকে বয়ে যাওয়া এই বাতাস আগুন দ্রুত ছড়িয়ে পড়তে সহায়তা করে।
জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার বিকেলে ওই এলাকায় বাতাসের তীব্রতা সবচেয়ে বেশি ছিল। তবে শনিবার রাত পর্যন্ত দাবানলের ঝুঁকি বাড়াতে পারে—এমন আবহাওয়া অব্যাহত থাকার আশঙ্কা ছিল। অরেঞ্জ ও সান ডিয়েগো কাউন্টির উপকূলীয় এলাকায় শনিবার রাত ৮টা পর্যন্ত তাপপ্রবাহসংক্রান্ত সতর্কতাও জারি ছিল।
শনিবার কিছু এলাকায় বাসিন্দাদের জন্য জারি করা উচ্ছেদ আদেশ প্রত্যাহার করা হলেও অধিকাংশ এলাকায় তা বহাল ছিল। কর্তৃপক্ষ বাসিন্দাদের ওই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে।
অরেঞ্জ কাউন্টি ফায়ার অথরিটির মুখপাত্র গ্রেগ বাল্টা বলেন, ‘এখনো আগুনের সক্রিয় অংশ রয়েছে। বাতাস বইছে এবং তাপপ্রবাহের সতর্কতাও কার্যকর রয়েছে। ফলে এখনো ঝুঁকি রয়েছে। আমরা সবাইকে সহযোগিতা করার, আমাদের পরামর্শ মেনে চলার এবং ওই এলাকাগুলো থেকে দূরে থাকার অনুরোধ জানাচ্ছি।’
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)


