...|...|...

বিশ্ব

৫ দিনেই চাকরি হারালেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, সকাল ৭:২৭ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, সকাল ৭:২৯
Shares
৫ দিনেই চাকরি হারালেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় পদ ছাড়ছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) তার দায়িত্ব থেকে সরে যাওয়ার খবর প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস। পত্রিকাটি এ বিষয়ে অবগত তিন ব্যক্তির বরাত দিয়ে জানায়, জাকারিয়াকে বরখাস্ত করা হয়েছে।

তবে ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, তিনি জাকারিয়াকে পদটি নিয়ে পুনর্বিবেচনা করতে বলেছেন। তার ভাষ্য, সংবাদমাধ্যমের সমালোচনার কারণে জাকারিয়া কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন।

ট্রাম্প বলেন, তিনি জাকারিয়াকে বলেছেন, ‘আমি আপনার জায়গায় থাকলে বিষয়টি পুনর্বিবেচনা করতাম।’ প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করে তিনি আদৌ সুখী হতে পারবেন কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন ট্রাম্প।

গত সোমবার দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার হোয়াইট হাউসে প্রথম সংবাদ ব্রিফিং করেন জাকারিয়া। প্রায় ১৪ মিনিটের ওই ব্রিফিংয়ে তিনি মাত্র তিনটি সংবাদমাধ্যমের প্রশ্ন নেন। তার উপস্থাপনা নিয়ে সমালোচনার পাশাপাশি নিজের আইন পেশার যোগ্যতা নিয়েও প্রশ্নের মুখে পড়েন তিনি।

ট্রাম্প জাকারিয়াকে নিয়োগের ঘোষণা দেওয়ার সময় তাকে আইনজীবী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তবে বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জাকারিয়া জানান, তিনি বার পরীক্ষায় উত্তীর্ণ হননি। যুক্তরাষ্ট্রে আইনজীবী হিসেবে কাজ করার যোগ্যতা নিয়ে এ তথ্য প্রকাশের পর তার পরিচয় ও পেশাগত অভিজ্ঞতা নিয়ে বিতর্ক তৈরি হয়।

এদিকে, ফক্স নিউজের এক প্রতিবেদনে হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, জাকারিয়া দায়িত্ব থেকে সরে যাচ্ছেন। ফলে তার বিদায়ের প্রক্রিয়া নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে ভিন্ন ভাষ্য পাওয়া গেছে।

জাকারিয়ার স্থলাভিষিক্ত হিসেবে এখনো কারও নাম ঘোষণা করা হয়নি।