...|...|...

বিশ্ব

এক শর্তে হরমুজ প্রণালী খুলবে ইরান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, রাত ১০:৪৬ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, রাত ১২:১৭
Shares
এক শর্তে হরমুজ প্রণালী খুলবে ইরান

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে সেনা ও সামরিক উপস্থিতি প্রত্যাহার করলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া শুক্রবার (১৬ অক্টোবর) এ কথা বলেন। একই সাথে যুক্তরাষ্ট্র অঞ্চলটি ছেড়ে না গেলে তাদের জোরপূর্বক বিতাড়িত করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। খবর সিবিএস নিউজের।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আকরামিনিয়া বলেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে চলে গেলে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে। পাশাপাশি এ অঞ্চলের দেশগুলোর অংশগ্রহণে একটি সম্মিলিত নিরাপত্তাব্যবস্থা গড়ে উঠবে, যা বৈশ্বিক অর্থনীতির জন্য ইতিবাচক হবে বলে দাবি করেন তিনি।

তবে যুক্তরাষ্ট্রের কোন পর্যায়ের সামরিক উপস্থিতি প্রত্যাহারের দাবি জানাচ্ছে তেহরান, তা স্পষ্ট করেননি ইরানি এই কর্মকর্তা। বর্তমান সংঘাতে অংশ নেওয়া মার্কিন বাহিনী, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মোতায়েন সেনা, নাকি সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের প্রত্যাহারের কথা বলা হয়েছে-এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থান পরস্পরবিরোধী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দাবি, প্রণালীটি উন্মুক্ত রয়েছে। অন্যদিকে ইরানের বক্তব্য, দেশটির কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এই জলপথ দিয়ে কোনো নৌযান চলাচল করতে পারবে না।

চলতি মাসের শুরুর দিকে পারস্য উপসাগর থেকে তেল রপ্তানি যুদ্ধ শুরুর আগের পর্যায়ের কাছাকাছি ফিরে আসার বিষয়ে কিছু প্রতিবেদন প্রকাশিত হয়। তবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা ও প্রবেশাধিকারের প্রশ্নে অনিশ্চয়তা রয়ে গেছে।

এদিকে গ্রিসভিত্তিক সামুদ্রিক ঝুঁকি বিশ্লেষণকারী প্রতিষ্ঠান মেরিস্কস বৃহস্পতিবার সতর্ক করে জানিয়েছে, জাহাজের অবস্থান শনাক্ত করার প্রযুক্তি বন্ধ রাখলেও হামলার ঝুঁকি এড়ানো যাচ্ছে না।

নিরাপত্তাঝুঁকির কারণে অনেক জাহাজ তাদের অবস্থান শনাক্তকারী ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ ব্যবস্থা বন্ধ রাখলেও জাহাজগুলো নির্বিচার হামলার আশঙ্কার মধ্যে রয়েছে বলে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।

হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবস্থান এবং সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে আন্তর্জাতিক জ্বালানি পরিবহন ও বাণিজ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।