আমেরিকা ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাধলে প্রতিবেশী দেশ হিসেবে ভারতের উচিত পাকিস্তানের পাশে দাঁড়ানো—রাজস্থান বিজেপি প্রধান মদন রাঠোরের এমন মন্তব্যের পর দেশজুড়ে তীব্র রাজনৈতিক বিতর্ক ও সমালোচনার ঝড় উঠেছে। বিরোধী দল কংগ্রেস এবং আম আদমি পার্টি (এএপি) এই মন্তব্যের কঠোর সমালোচনা করেছে।
সংবাদমাধ্যম এনডিটিভি-এর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি জয়পুরে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় রাজস্থান বিজেপি সভাপতি মদন রাঠোরে এই মন্তব্য করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমাদের সবার এটা বোঝা উচিত। যখন ভারতের স্বার্থের কথা আসে... আজ যদি যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বেঁধে যায়, আমরা পাকিস্তানের পাশে দাঁড়াব, কারণ এটি আমাদের প্রতিবেশী... কিন্তু যখন আমাদের নিজেদের অভ্যন্তরীণ কোনো ইস্যু আসে, তখন আমরা আমাদের ভারতের পক্ষেই থাকি। তাই না? আমাদের এটাই বুঝতে হবে।
মদন রাঠোরের এই মন্তব্য সামনে আসার পরই বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মোহাম্মদ এক্সে দেওয়া এক পোস্টে রাঠোরকে ‘দেশবিরোধী’ বলে আখ্যা দেন।
তিনি লেখেন, আমাদের সেনা ও সাধারণ মানুষকে হত্যাকারী সন্ত্রাসী রাষ্ট্র পাকিস্তানের প্রতি বিজেপির ভালোবাসা আবারও উন্মোচিত হলো। রাজস্থান বিজেপি সভাপতি মদন রাঠোরে বলছেন যে আমেরিকা ও পাকিস্তানের যুদ্ধ লাগলে তিনি পাকিস্তানের পক্ষে আছেন। এই দেশবিরোধীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা আমাদের জানান।
অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিও রাঠোরের সেই বক্তব্যের ক্লিপ শেয়ার করে বিজেপিকে তীব্র আক্রমণ করেছে। এএপি তাদের এক্স হ্যান্ডেলে লেখে, বিজেপির রাজস্থান রাজ্য সভাপতি মদন রাঠোরের বক্তব্য: আমেরিকা ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাধলে আমরা পাকিস্তানের পক্ষ নেব! যখন সাধারণ মানুষ কোনো প্রশ্ন তোলে, তখন তারা পাকিস্তানি; যুবসমাজ কণ্ঠস্বর তুললে তারা সন্ত্রাসী! কিন্তু যখন কোনো বিজেপি নেতা পাকিস্তানের পাশে দাঁড়ানোর কথা বলেন, তখন মোদির জাতীয়তাবাদ কোথায় হারিয়ে যায়? যে বিজেপি পাকিস্তানের পাশে দাঁড়ানোর কথা বলে, তারা কি দেশদ্রোহী নয়, নরেন্দ্র মোদিজি?
বিজেপি নেতার সাফাই ও স্পষ্টীকরণ
চারপাশে তীব্র সমালোচনা শুরু হওয়ার পর মদন রাঠোরে তার বক্তব্যের ব্যাখ্যা দিয়ে দাবি করেন যে, তার বক্তব্যকে ‘বিকৃত’ করা হয়েছে এবং এমনভাবে উপস্থাপন করা হয়েছে যা ‘একেবারেই অনুচিত’।
তার দাবি, তিনি মূলত ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের প্রেক্ষাপটে ওই মন্তব্য করেছিলেন। রাঠোর বলেন, হ্যাঁ, লোকজন কেবল শেষের দুটি লাইন আলাদা করে নিয়ে সেভাবে উপস্থাপন করেছে। অথচ আমি খুব পরিষ্কারভাবে বলেছিলাম যে, ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচে যদি ভারত হারে এবং কেউ যদি সেজন্য বাজি বা পটকা ফোটায়, তবে সে এই দেশের দেশপ্রেমিক হতে পারে না। হ্যাঁ, আমেরিকা যদি পাকিস্তানের সাথে থাকে, তবে সেটা অন্য একটি বিষয়।
তিনি আরও বলেন, এখন যেভাবে লোকজন বিষয়টি উপস্থাপন করেছে, তাতে আমার মনে হচ্ছে তাদের মনে আমার প্রতি অসৎ উদ্দেশ্য বা বদ মতলব ছিল।


