ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দুর্গাপূজার একটি মণ্ডপে অতিরিক্ত ভিড়ের চাপে পদদলিত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন পূজামণ্ডপের প্রস্থান গেটে এ ঘটনা ঘটে। এতে ১৭ জনের মারা গেছেন। এখন পর্যন্ত অনেককে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
কলকাতা পুলিশের বিবৃতি অনুযায়ী, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে গিরিশ পার্ক থানা এলাকার সারদা পার্কের চোরবাগান পূজামণ্ডপের প্রস্থান গেটে অতিরিক্ত ভিড়ের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়। বৃষ্টির মধ্যে মণ্ডপে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ছিল। আহতদের উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, দমকল, দুর্যোগ মোকাবিলা দল, চিকিৎসক দল ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়। নিরাপত্তার স্বার্থে মণ্ডপটি দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ৩৫ জনকে হাসপাতালে নেওয়া হয়।
পরিস্থিতি পরিদর্শন করতে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মুখ্য সচিব মনোজ আগরওয়াল।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “চোরবাগান পূজা মণ্ডপে পদদলিত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আমি মা দুর্গার কাছে প্রার্থনা করি, আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং এই কঠিন সময়ে তাঁদের পরিবার যেন শক্তি ও সাহস পায়।”
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনার সময় অনেকে জ্ঞান হারিয়ে ফেলেন। আহতদের কয়েকজনকে মোটরসাইকেলেও করে হাসপাতালে নেওয়া হয়। এক প্রত্যক্ষদর্শীর অভিযোগ, মণ্ডপের প্রবেশ ও প্রস্থানপথ ছিল সরু এবং ওই এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা ছিল না। তাঁর মেয়ে ও নাতনিও হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানান তিনি।



