পাঁচ জেলার গণতন্ত্রকামী মানুষের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, ঘরে ঘরে, গ্রামে গ্রামে মাঠে থাকতে হবে। মানুষের নিরাপত্তা রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে।
রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয়বাংলা বিশ্বরোড চত্বরে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত সমাবেশ ও কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, আমি পাঁচ জেলার গণতান্ত্রিককামী মানুষকে বলতে চাই, ঘরে ঘরে, গ্রামে গ্রামে মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের।
তিনি গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, জনগণের পাশে দাঁড়ানো এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব।
তিনি আরও বলেন, যেকোনো পরিস্থিতিতে জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সামাজিক ও রাজনৈতিকভাবে সবাইকে সচেতন থাকতে হবে এবং নিজ নিজ এলাকায় মানুষের পাশে দাঁড়াতে হবে।
নগরকান্দা উপজেলা ও পৌর যুবদল এবং সালথা উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা যুবদলের সভাপতি তৈয়বুর রহমান।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, খন্দকার ফজলুল হক টুলুসহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতারা।
বক্তারা তাদের বক্তব্যে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানান। পাশাপাশি রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় নগরকান্দা উপজেলা ও পৌর যুবদল এবং সালথা উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


