আশুলিয়ায় টানা শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি ও নিরাপত্তা ঝুঁকির মুখে দেশের শীর্ষস্থানীয় তৈরি পোশাক রফতানিকারক প্রতিষ্ঠান হা-মীম গ্রুপের ৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
রবিবার (২২ নভেম্বর) রাতে কারখানাগুলোর মূল ফটকে নোটিশ ঝুলিয়ে কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
কারখানা সূত্রে জানা গেছে, ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (২৩ নভেম্বর) থেকে এসব কারখানার সব ধরনের উৎপাদন কার্যক্রম বন্ধ থাকবে। বন্ধ ঘোষিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- অ্যাপারেল গ্যালারী লিঃ, দ্যাটস্ ইট স্পোর্টস ওয়্যার লিঃ, রিফাত গার্মেন্টস লিঃ-সহ আশুলিয়া জোনের মোট ৭টি শিল্পপ্রতিষ্ঠান।
কারখানার মূল ফটকে টানানো নোটিশে উল্লেখ করা হয়, চলতি নভেম্বর মাসের ১ তারিখ থেকে পোশাকখাতে চলমান শ্রমিক অসন্তোষের অংশ হিসেবে শ্রমিকরা কারখানায় যথাসময়ে উপস্থিত হয়ে হাজিরা নিশ্চিত করলেও কর্মবিরতি পালন ও বেআইনি ধর্মঘটে অংশ নিচ্ছেন। এ ছাড়া বহিরাগতদের মাধ্যমে কারখানার গেট অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে।
বারবার কাজে যোগদানের আহ্বান জানানো হলেও শ্রমিকরা তা প্রত্যাখ্যান করে অযৌক্তিক দাবি উত্থাপন অব্যাহত রেখেছেন।
এ অবস্থায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ বাধ্য হয়ে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩ (১) ধারা অনুযায়ী (‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে) কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে নোটিশের মাধ্যমে কারখানা পুনরায় খোলার তারিখ জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
কারখানা বন্ধের বিষয়টি নিশ্চিত করে হা-মীম গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর (সিকিউরিটি সেকশন) মো. আক্তারুজ্জামান (অবসরপ্রাপ্ত কর্নেল) জানান, কারখানার নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার স্বার্থেই কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। কারখানা বন্ধের নোটিশের অনুলিপি শিল্প পুলিশ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর এবং বিজিএমইএ-সহ সংশ্লিষ্ট দফতরগুলোতে পাঠানো হয়েছে।


