মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক সামরিক জোটের অভিযান আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ায় চার দিনের দীর্ঘ সরকারি ছুটি ঘোষণা করেছে ইরাক সরকার। ঐতিহাসিক এই অর্জন ও ‘ইরাকি সার্বভৌমত্ব দিবস’ উদযাপন উপলক্ষে আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকে আগামী শনিবার (৩ অক্টোবর) পর্যন্ত সব সরকারি প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে দেশটির মন্ত্রিসভা।
ইরাকি নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, প্রধানমন্ত্রী আলি আল-জাইদি ‘সার্বভৌমত্ব দিবস’ উদযাপনের প্রস্তুতি তদারকি করছেন। বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষকে সমন্বিতভাবে জাতীয় কর্মসূচি সফল করার নির্দেশ দিয়েছেন তিনি। রাষ্ট্রীয় আয়োজনের অংশ হিসেবে দেশের জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মরণে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের ইরাকের মানচিত্র বা জাতীয় পতাকার রঙের ব্যাজ পরিধানের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে ইরাকের সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তা আব্দুল আমির আল-শাম্মারি নিশ্চিত করেছেন, চুক্তি অনুযায়ী আজ ৩০ সেপ্টেম্বরের মধ্যেই মার্কিন বাহিনী তাদের প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন করছে।
তিনি আরও জানান, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘ভিক্টোরিয়া বেস’ ইতিমধ্যেই মার্কিন সেনামুক্ত করা হয়েছে। সামরিক স্থাপনাটি ফাঁকা করার পর সেটিকে এখন বিদেশি কূটনৈতিক মিশনগুলোর কার্যক্রম পরিচালনা ও সমন্বয়ের জন্য আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে রূপান্তর করা হবে।


