...|...|...

বিশ্ব

বিক্ষোভের জেরে ইরানি ফ্লাইট চালুর অনুমতি দিল ইরাক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, সকাল ১১:৩৯
Shares
বিক্ষোভের জেরে ইরানি ফ্লাইট চালুর অনুমতি দিল ইরাক

ছবি: সংগৃহীত

মার্কিন নিষেধাজ্ঞার কারণে দুই প্রতিবেশী মুসলিম দেশের মধ্যে বাণিজ্যিক বিমান চলাচল স্থগিত করার প্রতিবাদে দেশব্যাপী তীব্র বিক্ষোভের পর, ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন ৪০টি ইরানি ফ্লাইট পরিচালনার অনুমতি দিতে একটি সমঝোতায় পৌঁছেছে ইরাকি সরকার।

শুক্রবার (২ অক্টোবর) ইরাকি প্রধানমন্ত্রীর মিডিয়া অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে এই সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে বেসরকারি বিমান সংস্থা ‘মহান এয়ার’-কে, যেটি সুদূর পূর্ব, পশ্চিম এশিয়া, মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া এবং ইউরোপের বিভিন্ন গন্তব্যে নিয়মিত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে থাকে।

ইরাকি প্রধানমন্ত্রীর মিডিয়া অফিসের বিবৃতিতে বলা হয়, ইরাকে আগত বা এখান থেকে প্রস্থানকারী যাত্রী ও তীর্থযাত্রীদের চলাচল সহজতর করা এবং মানবিক, চিকিৎসাগত, পর্যটন ও শিক্ষাগত চাহিদা পূরণের প্রচেষ্টার অংশ হিসেবেই এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ইরাকি প্রধানমন্ত্রী আলী আল-জাইদি বলেছেন, বিমান ভ্রমণ কেবল দুটি বিমানবন্দরের মধ্যে যাতায়াত নয়, বরং এটি হলো দুই জাতির মধ্যে যোগাযোগের একটি সেতু।

তিনি আরও জানান যে, ইরাক তার জনগণের স্বার্থের ওপর ভিত্তি করে বৈদেশিক সম্পর্ক পরিচালনা করে এবং বিভিন্ন দেশের সাথে একটি ভারসাম্যপূর্ণ ও ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে সচেষ্ট রয়েছে।

এর আগে, গত সোমবার মার্কিন নিষেধাজ্ঞার কারণে বাগদাদ সরকার ইরান ও ইরাকের মধ্যকার সমস্ত ফ্লাইট স্থগিত করার ঘোষণা দিলে এর প্রতিবাদে দেশটির সাধারণ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করে।

ওই দিনই পরে বাগদাদ ওয়াশিংটনের সাথে সরাসরি আলোচনা চালিয়ে মার্কিন সেকেন্ডারি নিষেধাজ্ঞা থেকে নির্দিষ্ট কিছু এভিয়েশন সুবিধাকে অব্যাহতি দেওয়ার ব্যাপারে ছাড় আদায় করতে সক্ষম হয়। এরপরই ইরাকি এয়ারওয়েজ নাজাফ পবিত্র নগরী এবং ইরানি বিমানবন্দরগুলোর মধ্যে বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু করে।