ইরান যুদ্ধের জেরে বিশ্ববাজারে আকাশচুম্বী জ্বালানি মূল্য নিয়ন্ত্রণে রাখতে মার্কিন চাপের মুখে পড়েছে ইউরোপীয় ইউনিয়ন। এর অংশ হিসেবে জরুরি জ্বালানি মজুদ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল ডিজেল এবং আন্তর্জাতিক শক্তি সংস্থার পক্ষ থেকে আরও ৫০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল বাজারে ছাড়ার একটি ফরাসি প্রস্তাব নিয়ে আলোচনা করেছে ইইউভুক্ত দেশগুলো।
শুক্রবার (২ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত তিন জন সূত্র।
জানা গেছে, ইইউ সরকারগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত এক ফোনালাপে এই প্রস্তাব নিয়ে আলোচনা হয়। সূত্রগুলোর মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্রুত জ্বালানি মজুদ উন্মুক্ত করার দাবির মুখে ইউরোপ ২০ দিনের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এই ডিজেল সরবরাহের একটি অংশ বাজারে ছাড়তে পারে।
আগামী নভেম্বরের ৩ তারিখ অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের আগে দেশীয় বাজারে জ্বালানির দাম কমাতে মার্কিন যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানির ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছে। আর এর ফলেই ইউরোপের ওপর এই চাপ দিন দিন আরও তীব্র হয়ে উঠছে।
বর্তমান পরিস্থিতিতে একদিকে জ্বালানির ক্রমবর্ধমান দাম কমানোর তাগিদ রয়েছে ইউরোপের সামনে, অন্যদিকে ইরান যুদ্ধের কারণে উপসাগরীয় উৎপাদকদের কাছ থেকে জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা কাটিয়ে নিজেদের জরুরি রিজার্ভ বা কৌশলগত মজুদ সুরক্ষিত রাখার চ্যালেঞ্জও রয়েছে। তবে ফ্রান্সের অর্থ ও জ্বালানি মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
আলোচনার সাথে যুক্ত একটি সূত্র জানিয়েছে, শুক্রবারের বৈঠকে ইইউ দেশগুলোর পক্ষ থেকে একটি শর্ত জুড়ে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে—আর তা হলো, যুক্তরাষ্ট্রকে এই মর্মে প্রতিশ্রুতি দিতে হবে যে তারা একতরফা কোনো ডিজেল রফতানি নিষেধাজ্ঞা আরোপ করবে না।


