...|...|...

বিশ্ব

১০ কোটি ব্যারেল জ্বালানি তেলের মজুত ছাড়বে ইউরোপ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, রাত ১১:০২
Shares
১০ কোটি ব্যারেল জ্বালানি তেলের মজুত ছাড়বে ইউরোপ

ফাইল ছবি।

জ্বালানির বাজারে বাড়তি দামের চাপ কমাতে কৌশলগত মজুত থেকে বিপুল পরিমাণ তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে জি৭ভুক্ত দেশগুলো। আগামী চার মাসে ধাপে ধাপে প্রায় ১০ কোটি ব্যারেল জ্বালানি বাজারে সরবরাহ করা হবে।

শুক্রবার (২ অক্টোবর) জ্বালানি সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে জি৭ নেতাদের জরুরি ভার্চুয়াল বৈঠকের পর এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প জানান, ইউরোপের দেশগুলো তাদের মজুত থেকে উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল বাজারে ছাড়তে সম্মত হয়েছে। তার দাবি, এ কার্যক্রম দ্রুতই শুরু হবে।

এর আগে বৃহস্পতিবার রাতে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে জ্বালানি সরবরাহ নিয়ে আলোচনা করেন ট্রাম্প। পরদিন সকালে জি৭ নেতাদের সঙ্গে বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান, ইউরোপের দেশগুলো তাদের বড় পরিমাণের ডিজেল মজুত থেকে বাজারে সরবরাহ বাড়াতে সম্মত হয়েছে।

প্যারিসের এলিসি প্রাসাদ থেকে প্রকাশিত জি৭ নেতাদের যৌথ বিবৃতিতেও মজুত থেকে জ্বালানি ছাড়ার সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়েছে, বাজারে সরবরাহ বাড়িয়ে স্থিতিশীলতা ফেরাতে সমন্বিতভাবে প্রায় ১০ কোটি ব্যারেল জ্বালানি মজুত থেকে বাজারে আনা হবে।

পরিকল্পনা অনুযায়ী, আগামী চার মাসে পর্যায়ক্রমে এসব জ্বালানি বাজারে সরবরাহ করা হবে। এর মধ্যে প্রথম ২০ দিনের মধ্যেই জি৭ সদস্য ও অংশীদার দেশগুলো উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল ছাড়ার প্রস্তুতি নিচ্ছে।

জি৭ জোটে রয়েছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। ইউরোপীয় ইউনিয়ন জোটের বৈঠক ও কার্যক্রমে অংশীদার হিসেবে যুক্ত থাকে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, ইউরোপের জ্বালানি মজুত বাজারে ছাড়ার বিষয়ে সমন্বয় করতেই বৃহস্পতিবার রাতে মাখোঁ এবং শুক্রবার সকালে অন্যান্য জি৭ নেতাদের সঙ্গে আলোচনা করেন ট্রাম্প।