...|...|...

বিশ্ব

রোহিঙ্গাদের গণহত্যার রায় ‘তাদেরই বিজয়’, বললেন গাম্বিয়ার বিচারমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, রাত ১১:১৩
Shares
রোহিঙ্গাদের গণহত্যার রায় ‘তাদেরই বিজয়’, বললেন গাম্বিয়ার বিচারমন্ত্রী

গাম্বিয়ার বিচারমন্ত্রী দাউদা জালো। ছবি: সংগৃহীত

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায়কে রোহিঙ্গাদের বিজয় হিসেবে অভিহিত করেছেন গাম্বিয়ার বিচারমন্ত্রী দাউদা জালো। দীর্ঘদিনের নিপীড়ন, বাস্তুচ্যুতি ও বিচারহীনতার পর এই রায় রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রতি নতুন করে আস্থা ফিরিয়ে আনবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতের রায় ঘোষণার পর সাংবাদিকদের সাথে আলাপকালে এ প্রতিক্রিয়া জানান গাম্বিয়ার বিচারমন্ত্রী।

রোহিঙ্গাদের দীর্ঘ সংগ্রাম ও সাক্ষ্য দেওয়ার সাহসিকতার কথা তুলে ধরে দাউদা জালো বলেন, এই বিজয় রোহিঙ্গাদের। তারা নিপীড়নের মধ্যেও টিকে থেকেছেন এবং নিজেদের ওপর সংঘটিত অপরাধের সাক্ষ্য দিয়েছেন। আজকের রায় তাদের ন্যায়বিচারের প্রতি বিশ্বাস আরও দৃঢ় করবে।

২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সামরিক বাহিনীর অভিযানের সময় রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত হত্যাকাণ্ড, যৌন সহিংসতা ও অন্যান্য নির্যাতনের ঘটনায় ২০১৯ সালের নভেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। গণহত্যা প্রতিরোধ ও শাস্তিবিষয়ক ১৯৪৮ সালের জাতিসংঘ সনদের আওতায় করা মামলাটিতে গাম্বিয়াকে সমর্থন দেয় ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)।

দীর্ঘ সাত বছরের আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবারের রায়ে আন্তর্জাতিক বিচার আদালত সিদ্ধান্ত দেন, ২০১৭ সালে উত্তর রাখাইনে সামরিক অভিযানের সময় রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে। এর মাধ্যমে গণহত্যা সনদের অধীনে মিয়ানমার তার আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।

আদালত মিয়ানমারকে গণহত্যার সাথে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর তদন্ত পরিচালনা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিচার ও শাস্তির ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। একই সাথে ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় আইন ও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

রায়ে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা করার পাশাপাশি পরিবার পুনর্মিলন এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের কথাও বলা হয়েছে। ক্ষতিপূরণের পরিমাণ ও বাস্তবায়নপদ্ধতি পরবর্তী পর্যায়ে নির্ধারণ করা হবে।

এদিকে রায়কে আন্তর্জাতিক ন্যায়বিচারের জন্য ঐতিহাসিক দিন হিসেবে অভিহিত করেছে গাম্বিয়া সরকার। দেশটির প্রেসিডেন্ট আদামা ব্যারো রোহিঙ্গা নির্যাতনের শিকার ব্যক্তি ও সাক্ষীদের সাহসিকতার প্রশংসা করেছেন।

গাম্বিয়া সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বিচার আদালত প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যা সংঘটনের জন্য দায়ী করেছেন। এই রায় চূড়ান্ত ও আইনগতভাবে বাধ্যতামূলক। মিয়ানমারকে দ্রুত রায় বাস্তবায়নের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কেও তা কার্যকর করতে সহযোগিতার আহ্বান জানিয়েছে দেশটি।

২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছেন। দীর্ঘদিন ধরে তাদের নিরাপদ প্রত্যাবাসন নিয়ে আলোচনা চললেও এখনো টেকসই সমাধান আসেনি।

আন্তর্জাতিক বিচার আদালতের এই রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও তা বাস্তবায়ন এবং নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করার বিষয়টি এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।