...|...|...

বিশ্ব

প্রবীণ নাগরিকদের জন্য সুখবর দিলেন ট্রাম্প

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, দুপুর ২:৪৪ | আপডেট: ৩ অক্টোবর ২০২৬, দুপুর ২:৪৫
Shares
প্রবীণ নাগরিকদের জন্য সুখবর দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

বয়স্কদের জন্য স্বাস্থ্য বিমা কর্মসূচি ‘মেডিকেয়ার’-এর সাথে যুক্ত ২০ মিলিয়নের (২ কোটির) বেশি মার্কিন নাগরিককে মাসিক চিকিৎসা বিমার প্রিমিয়ামের খরচ মেলাতে সাহায্য করতে এককালীন ৯০ ডলার করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (২ অক্টোবর) গভীর রাতে সামাজিক মাধ্যমে এক ঘোষণায় ট্রাম্প জানান, এই অর্থ প্রদান করা হবে ‘মেডিকেয়ার ইমপ্রুভমেন্ট ফান্ড’ থেকে। তিনি উল্লেখ করেন যে, মেডিকেয়ার ফি-ফর-সার্ভিস প্রোগ্রাম উন্নত করার জন্য কংগ্রেস এই তহবিলে ২ বিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছিল।

আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মন জয় করতে রিপাবলিকান নেতার করা অর্থনৈতিক প্রতিশ্রুতির সর্বশেষ সংযোজন হলো এই ঘোষণা। উল্লেখ্য, এই নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে যাবে, তা নির্ধারিত হবে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে মার্কিন সিনেট এবং প্রতিনিধি পরিষদ—উভয় দলেই ট্রাম্পের রিপাবলিকান পার্টির সামান্য সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধের কারণে তেল ও গ্যাসের দাম হু হু করে বেড়ে যাওয়ায় সাধারণ আমেরিকানদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি সামাল দেওয়ার ক্ষেত্রে ট্রাম্পের অনুমোদন রেটিং বেশ কম রয়েছে।

হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত ট্রাম্পের এই পরিকল্পনার কিছু বিবরণীতে বলা হয়েছে, যোগ্য বেশিরভাগ প্রবীণ নাগরিক চলতি বছরের অক্টোবরের শুরুর দিকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে এই ৯০ ডলারের পেমেন্ট পেয়ে যাবেন।

হোয়াইট হাউস আরও জানিয়েছে, যাদের সরাসরি জমা দেওয়ার ব্যবস্থা নেই, তারা মেডিকেয়ারে নিবন্ধিত তাদের নিজ নিজ মেইলিং ঠিকানায় অক্টোবরের শুরুর দিকেই ডাকযোগে চেক পেয়ে যাবেন।

এর আগে, গত মাসে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা যদি হাউজ এবং সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে, তবে তিনি দেশের সব প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫,০০০ ডলার করে চেক পাঠাবেন। যদিও বিশ্লেষক, অর্থনীতিবিদ এমনকি কংগ্রেসের কিছু রিপাবলিকান নেতাও এই পরিকল্পনা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন।

এর বাইরে ট্রাম্প প্রশাসন আলাদাভাবে প্রায় ১০ লাখ আমেরিকানকে ৫০০ ডলার করে পেমেন্ট পাঠাচ্ছে। কৌশলবিদদের মতে, এই পদক্ষেপটি বিভিন্ন নির্বাচনী লড়াইয়ের ফলাফলকে প্রভাবিত করতে পারে।

হোয়াইট হাউস জানিয়েছে, এই পেমেন্টগুলো হলো—যারা ‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’-এর মাধ্যমে স্বাস্থ্য বিমা কিনেছিলেন, তাদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা হয়েছিল—তারই একটি রিফান্ড বা ফেরত।