ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানকে এখন ‘যথাযথ ও বিচক্ষণ’ সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় দেশটির ‘অস্তিত্ব বেশিদিন টিকবে না’ বলে মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) টেক্সাসের ডেন্টনে পিটারবিল্ট মোটরসের একটি কারখানা পরিদর্শন ও বক্তব্য দেওয়ার সময় ইরান প্রসঙ্গে এ কথা বলেন ট্রাম্প। ওই দিন তাঁর সফরের মূল বিষয় ছিল যুক্তরাষ্ট্রের উৎপাদন খাত ও অর্থনীতি।
চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রসঙ্গ টেনে ট্রাম্প দাবি করেন, এর সমাপ্তি ‘খুব শিগগিরই’ ঘটতে পারে। তবে কোনো সমঝোতায় পৌঁছাতে তেহরান ব্যর্থ হলে দেশটিকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন তিনি।
ট্রাম্প বলেন, ইরানকে এখন এমন পদক্ষেপ নিতে হবে যা হবে ‘খুবই যথাযথ ও বিচক্ষণ’; তা না হলে তাদের অস্তিত্ব দীর্ঘস্থায়ী হবে না।
ইরানের সাথে
সম্ভাব্য কোনো চুক্তির স্থায়িত্ব নিয়েও সংশয় প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর বক্তব্য, সাধারণ ব্যবসায়িক চুক্তিতে পক্ষগুলো শর্ত মেনে চললেও ইরানের ক্ষেত্রে কোনো চুক্তি হলেও সেটি মানা হবে কি না, সে বিষয়ে নিশ্চয়তা নেই।
এর আগে সাম্প্রতিক দিনগুলোতেও ইরান নিয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ইরানের সঙ্গে সমঝোতা নিয়ে টানাপোড়েনের মধ্যেই সামরিক ও কূটনৈতিক চাপ অব্যাহত রেখেছে তাঁর প্রশাসন।


