ইয়েমেনের হুতি গোষ্ঠীকে বস্তুগত সহায়তা দেওয়ার চেষ্টার অভিযোগে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের এক কর্মীকে গ্রেফতার করেছে দেশটির বিচার বিভাগ। গ্রেপ্তার ব্যক্তির নাম অ্যাশটন হামিদ এলাবুদি, বয়স ৫১ বছর।
শুক্রবার (২ অক্টোবর) সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, এলাবুদি তাঁর বিশেষায়িত কারিগরি জ্ঞান ব্যবহার করে হুতিদের সহায়তার চেষ্টা করেছিলেন। জাতীয় নিরাপত্তা বিষয়ক সহকারী অ্যাটর্নি জেনারেল জন এ. আইজেনবার্গ বলেন, অভিযোগ অনুযায়ী এলাবুদি বিদেশে গিয়ে হুতিদের সহায়তা করার উদ্দেশ্যে নিজের প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়েছিলেন।
যুক্তরাষ্ট্র হুতি গোষ্ঠীকে ইরান-সমর্থিত সংগঠন হিসেবে বিবেচনা করে এবং তাদের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে।
দেশটির বিচার বিভাগের ভাষ্য অনুযায়ী, এলাবুদি বিস্ফোরক দ্রব্য এবং সেগুলো বহন করতে সক্ষম ড্রোন তৈরির জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ সংগ্রহ করেছিলেন। আইজেনবার্গ অভিযোগগুলোকে অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এলাবুদি সরকারি পাসপোর্ট ব্যবহার করে ওয়াশিংটন অঙ্গরাজ্য থেকে ওমানে যান। পরে সানা যাওয়ার উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে ইয়েমেনে প্রবেশ করেন।
তাকে আজ ২ অক্টোবর ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালতে বিচারকের সামনে হাজির করার কথা রয়েছে।


