...|...|...

বিশ্ব

মার্কিন এআই নীতিবিদদের টার্গেট করে চীনা হ্যাকারদের ফিশিং হামলা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, রাত ২:১৫ | আপডেট: ২ অক্টোবর ২০২৬, সকাল ৮:১৫
Shares
মার্কিন এআই নীতিবিদদের টার্গেট করে চীনা হ্যাকারদের ফিশিং হামলা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নীতি নিয়ে কাজ করা বিশেষজ্ঞদের লক্ষ্য করে ফিশিং হামলা চালানোর অভিযোগ উঠেছে চীন-সংশ্লিষ্ট একটি হ্যাকার গোষ্ঠীর বিরুদ্ধে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান প্রুফপয়েন্ট জানিয়েছে, হ্যাকাররা পরিচিত এআই বিশেষজ্ঞ ও সাবেক মার্কিন কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে লক্ষ্যবস্তু ব্যক্তিদের ইমেল ও লগইন তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়,প্রুফপয়েন্টের প্রতিবেদনে হ্যাকার গোষ্ঠীটিকে ‘TA419’ নামে চিহ্নিত করা হয়েছে। সংস্থাটির দাবি, এই গোষ্ঠী যুক্তরাষ্ট্র ও জাপানের থিংক-ট্যাঙ্ক, প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও আইন প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের লক্ষ্য করে দীর্ঘদিন ধরে সাইবার তৎপরতা চালিয়ে আসছে।

হ্যাকারদের ব্যবহৃত ম্যালওয়্যার, ইন্টারনেট অবকাঠামো এবং লক্ষ্যবস্তু নির্বাচনের ধরন বিশ্লেষণ করে গোষ্ঠীটিকে চীন-সংশ্লিষ্ট বলে চিহ্নিত করেছে প্রুফপয়েন্ট। সংস্থাটির মতে, এসব কার্যক্রম চীনের গোয়েন্দা তথ্য সংগ্রহের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

সাম্প্রতিক ফিশিং প্রচারণায় এমন সব ইমেল পাঠানো হয়েছে, যেগুলো দেখে মনে হয় সেগুলো এআই বা রাষ্ট্রনীতি নিয়ে কাজ করা পরিচিত ব্যক্তিদের কাছ থেকে এসেছে। এর মধ্যে হোয়াইট হাউসের অফিস অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিসির সাবেক প্রিন্সিপাল ডেপুটি ডিরেক্টর লিন পার্কারের নামও ব্যবহার করা হয়েছে।

এসব ইমেলে সাধারণত এআই নীতি নিয়ে যৌথ কোনো প্রকল্প বা উদ্যোগে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হতো। পরে প্রাপককে এমন একটি ওয়েবসাইটে নিয়ে যাওয়ার চেষ্টা করা হতো, যেখান থেকে তার পাসওয়ার্ড বা লগইন তথ্য সংগ্রহ করা সম্ভব।

প্রুফপয়েন্ট লক্ষ্যবস্তু হওয়া ব্যক্তিদের নাম প্রকাশ করেনি। তবে জানিয়েছে, এআই নিয়ন্ত্রণ, রপ্তানি নিয়ন্ত্রণ এবং যুক্তরাষ্ট্রের জাতীয় এআই কৌশল নিয়ে কাজ করা ব্যক্তিরাই প্রধানত এ হামলার লক্ষ্য ছিলেন।

রয়টার্স লক্ষ্যবস্তুদের একজন হিসেবে সাবেক হোয়াইট হাউস কর্মকর্তা অ্যালেক্স এংলারকে শনাক্ত করেছে। বর্তমানে তিনি পেন সেন্টার অন মিডিয়া, টেকনোলজি অ্যান্ড ডেমোক্রেসির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এংলার জানান, লিন পার্কারের কাছ থেকে পাঠানো বলে মনে হওয়া একটি ইমেলে তাকে নতুন একটি এআই নীতি প্রকল্পে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। বার্তাটি তার কাছে সন্দেহজনক মনে হওয়ায় তিনি অন্যদের সঙ্গে যাচাই করেন এবং পরে বুঝতে পারেন সেটি ভুয়া পরিচয়ে পাঠানো হয়েছিল।

প্রুফপয়েন্টের ধারণা, খুব সীমিত সংখ্যক এআই নীতিবিদকে বেছে বেছে লক্ষ্য করার বিষয়টি ইঙ্গিত করে যে, এই অভিযানের উদ্দেশ্য শুধু প্রযুক্তি চুরি নয়; বরং যুক্তরাষ্ট্রের এআই নীতিনির্ধারণী প্রক্রিয়া ও ভবিষ্যৎ কৌশল সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহও হতে পারে।

এ বিষয়ে চীনা দূতাবাসের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে বেইজিং দীর্ঘদিন ধরেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাইবার গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করে আসছে।