জেদ্দা, মক্কা ও তাইফে ‘সম্ভাব্য বিপদের’ তীব্র আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করেছে সৌদি আরব। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দেশটির সিভিল ডিফেন্স ও ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্ম ফর ইমার্জেন্সিজের মাধ্যমে নাগরিকদের জন্য এই বিশেষ সতর্কবার্তা পাঠানো হয়।
সম্ভাব্য বিপদের সুনির্দিষ্ট কোনো কারণ কর্তৃপক্ষ এখনো প্রকাশ করেনি। তবে সিভিল ডিফেন্সের পক্ষ থেকে বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘরের বাইরে থাকা ব্যক্তিদের দ্রুত নিকটস্থ শক্ত স্থাপনার নিচে আশ্রয় নিতে এবং গাড়িচালকদের উঁচু সেতু বা ভবন থেকে দূরে গাড়ি থামানোর পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া সবাইকে খোলা জায়গা, ছাদ কিংবা বারান্দা এড়িয়ে চলতে বলা হয়েছে।
সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও ইয়েমেনের হুথি গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘাত আশঙ্কাজনকভাবে বেড়েছে। সৌদির বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে হুথিরা, যার জবাবে ইয়েমেনে হামলা অব্যাহত রেখেছে সৌদি বাহিনী।
মূলত এই উত্তপ্ত পরিস্থিতির আবহেই পশ্চিমাঞ্চলের শহরগুলোতে জরুরি সতর্কতা ঘোষণা করল দেশটির সিভিল ডিফেন্স।


