...|...|...

বিশ্ব

সৌদি আরবের সাথে সিরিয়ার প্রতিরক্ষা চুক্তি সই

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, দুপুর ১২:১৪ | আপডেট: ৫ নভেম্বর ২০২৬, বিকেল ৪:০০
Shares
সৌদি আরবের সাথে সিরিয়ার প্রতিরক্ষা চুক্তি সই

ছবি: আল-জারিরা

প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই করেছে সিরিয়া ও সৌদি আরব। পাশাপাশি সিরিয়ার জ্বালানি, আবাসন, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে ৪০ কোটি ৩০ লাখ ডলারের বেশি ঋণ দেওয়ার বিষয়ে একমত হয়েছে দুই দেশ।

বুধবার (৪ নভেম্বর) সৌদি আরবের রাজধানী রিয়াদে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার দ্বিতীয় সফরে এসব চুক্তি ও সমঝোতা হয়। এক মাসেরও কম সময়ের মধ্যে এটি তার দ্বিতীয় রিয়াদ সফর। এ সময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও আল-শারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে হওয়া সহযোগিতা চুক্তিটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি হিসেবে উল্লেখ করেছে। তবে এর বিস্তারিত শর্ত প্রকাশ করা হয়নি।

এর কয়েক দিন আগে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি জানিয়েছিলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের পারস্পরিক প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে দামেস্ক। বাহরাইনে অনুষ্ঠিত নিরাপত্তাবিষয়ক সম্মেলন মানামা ডায়ালগে তিনি বলেছিলেন, ‘মক্কা জোটে’ সিরিয়ার অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা চলছে।

এদিকে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, রিয়াদে বৈঠকে দুই নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সামরিক উত্তেজনার প্রভাব, আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা, জ্বালানি সরবরাহের নির্ভরযোগ্যতা এবং বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতার বিষয়ও আলোচনায় উঠে আসে।

বিবৃতিতে আরও বলা হয়, দুই নেতা উত্তেজনা প্রশমন ও বিরোধের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালি ও হরমুজ প্রণালিতে নৌ চলাচলের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে-এমন সব কর্মকাণ্ড অবিলম্বে বন্ধের আহ্বান জানান তারা।

সিরিয়ার পুনর্গঠনে সহায়তার অংশ হিসেবে সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট দেশটির অর্থ মন্ত্রণালয়ের সাথে ছয়টি ঋণচুক্তি করেছে। সৌদি সংবাদ সংস্থা এসপিএর তথ্য অনুযায়ী, সহজ শর্তে দেওয়া এসব ঋণের মধ্যে ১০ কোটি ডলার ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্র পুনর্নির্মাণ ও সরঞ্জাম সরবরাহে, ৬ কোটি ডলার ক্ষতিগ্রস্ত আবাসন মেরামতে, ১০ কোটি ৫০ লাখ ডলার বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে, ৯ কোটি ডলার আলেপ্পোর তাপবিদ্যুৎকেন্দ্র পুনর্বাসনে এবং ৩ কোটি ডলার দামেস্ক ও ইদলিবে পানীয় জলের ব্যবস্থা উন্নয়নে ব্যয় করা হবে।

এ ছাড়া দুই দেশের মধ্যে শিল্প সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক এবং কৃষি ও পরিবেশ সুরক্ষাবিষয়ক আরও দুটি সমঝোতা স্মারক সই হয়েছে।

সিরিয়ার রাজনৈতিক গবেষক আহমেদ কাসেম আল জাজিরাকে বলেন, অল্প সময়ের ব্যবধানে আল-শারার দ্বিতীয় রিয়াদ সফর থেকে বোঝা যায়, সিরিয়া ও অঞ্চলটি বড় ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে রয়েছে। তার মতে, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং ইসরায়েলের ক্রমবর্ধমান অনুপ্রবেশ ঠেকাতে সিরিয়ার একটি প্রতিরোধ সক্ষমতা প্রয়োজন।

২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর থেকে সিরিয়ার নতুন সরকারের গুরুত্বপূর্ণ সমর্থক সৌদি আরব। গত ৬ অক্টোবর রিয়াদে দুই নেতার সর্বশেষ বৈঠক হয়েছিল। সে সময় সিরিয়ার ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও গুরুত্বপূর্ণ স্থাপনা পুনর্গঠনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তারা।

সূত্র: আল জাজিরা