...|...|...

বিশ্ব

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে আগ্রহী বাংলাদেশসহ আরও ৭ মুসলিম দেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, রাত ৮:২৮ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:০৪
Shares
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে আগ্রহী বাংলাদেশসহ আরও ৭ মুসলিম দেশ

ছবি: সংগৃহীত

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের ঐতিহাসিক ‘মক্কা প্রতিরক্ষা চুক্তিতে’ বাংলাদেশসহ আরও ছয় থেকে সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে। সোমবার (৩১ আগস্ট) তুরস্কের ইস্তাম্বুলে তিন দেশের শীর্ষ কূটনীতিকদের বৈঠক শুরুর আগে এই তথ্য জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ-এর প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, নতুন দেশগুলোর অন্তর্ভুক্তির সুবিধার্থে একটি নীতিমালা বা কাঠামো তৈরির কাজ চলছে।

গত ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী, সদস্য যেকোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলা হলে তা বাকি দেশগুলোর ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, মিসরসহ অন্যান্য দেশকেও এই নেটওয়ার্কে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

আজ ইস্তাম্বুলে চুক্তির আওতায় গঠিত কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে অংশ নিতে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানরা উপস্থিত হয়েছেন।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি, সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় ও যৌথ প্রতিরক্ষা শিল্প গঠনের বিষয়ে আলোচনা হবে। চুক্তির কার্যক্রম পরিচালনার জন্য একটি স্থায়ী সচিবালয় গঠনের পরিকল্পনাও রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে আত্মরক্ষামূলক সক্ষমতা বাড়াতে একটি ‘সাহসী পদক্ষেপ’ হিসেবে প্রশংসা করেছেন। অন্যদিকে মধ্যপ্রাচ্য সংকটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতায় পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।