অতিপর্যটন রোধ করতে পর্যটকদের প্রবেশ ফি আরও বাড়িয়ে বছরের দীর্ঘ সময় এর পরিধি বজায় রাখার কথা বিবেচনা করছে ইতালিপ্রসিদ্ধ শহর ভেনিসের নগর কর্তৃপক্ষ। দৈনিক ফি বাড়িয়ে ৩০ ইউরো বা প্রায় ৩৪ ডলারে উন্নীত করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন শহর সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
বাজেট ও কর বিষয়ক কাউন্সিলর মিশেল জুয়িন আঞ্চলিক দৈনিক ‘ইল গাজত্তিনো’-র রবিবার প্রকাশিত সংস্করণকে জানিয়েছেন যে, বর্তমানের ৫ থেকে ১০ ইউরোর ফি অতিরিক্ত পর্যটকদের ভিড় থেকে শহরকে সুরক্ষিত করার জন্য অত্যন্ত কম। তবে তিনি উল্লেখ করেছেন যে, ২০২৭ সালের জন্য নতুন এই মূল্য নির্ধারণের বিষয়টি সরকারের সাথে আলোচনা করে চূড়ান্ত করতে হবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) জাতীয় গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত মন্তব্যে এই কাউন্সিলর বলেন যে, এমনকি (ফি বাড়িয়ে) ৫০ ইউরো করার কথাও বলা হচ্ছে, তবে কর্তৃপক্ষ হয়তো সর্বোচ্চ ৩০ ইউরো চার্জ নির্ধারণের সিদ্ধান্তে উপনীত হতে পারে।
বিশ্বের প্রথম শহর হিসেবে কেবল ডে-ট্রিপার বা এক দিনের জন্য আসা পর্যটকদের ওপর এই প্রবেশ ফি চালু করা হয়েছিল ২০২৪ সালে। যারা আগেভাগে বুকিং করেন, তারা তুলনামূলক কম হারেই ফি পরিশোধের সুযোগ পান এবং ১৪ বছরের কম বয়সী শিশুদের জন্য বিভিন্ন ধরনের ছাড় বা অব্যাহতি রয়েছে।
প্রসঙ্গত, অতিরিক্ত পর্যটকদের ভিড় এবং জনসংখ্যা হ্রাসের সমস্যায় দীর্ঘদিন ধরে ভোগা ভেনিসে এই ব্যবস্থার উদ্দেশ্য হলো—দর্শনার্থীদের মে দিবসের মতো বছরের সবচেয়ে বেশি জনাকীর্ণ সময়গুলো এড়িয়ে চলতে উৎসাহিত করা। চলতি বছর ৩ এপ্রিল থেকে ২৬ জুলাই পর্যন্ত নির্দিষ্ট কিছু দিনে সকাল সাড়ে আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই নিয়ম কার্যকর ছিল।
এই সময়ে প্রায় ৬৮০,০০০টি এন্ট্রি টিকিট বিক্রির মাধ্যমে শহরের কোষাগারে ৫.২ মিলিয়নেরও বেশি ইউরো জমা হয়েছে।


