...|...|...

চট্টগ্রাম

বিলাইছড়িতে পাহাড়ি ঢলে নিখোঁজ মুদি ব্যবসায়ীর লাশ উদ্ধার

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, সকাল ৮:২৯ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:৩০
Shares
বিলাইছড়িতে পাহাড়ি ঢলে নিখোঁজ মুদি ব্যবসায়ীর লাশ উদ্ধার

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে পাহাড়ি ঢল বন্যার পানিতে নিখোঁজ হওয়ার একদিন পর মো. বদিউল আলম (৪৫) নামে এক মুদি ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) গত বিকেল প্রায় ৪টার দিকে স্থানীয় বাসিন্দারা গয়েনছড়ি বৌদ্ধ বিহার সংলগ্ন একটি কালভার্টের নিচে জমে থাকা পানিতে তার লাশ দেখতে পেয়ে উদ্ধার করেন।

নিহত বদিউল আলম চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজারে মুদি ব্যবসা পরিচালনা করে আসছিলেন এবং স্থানীয়ভাবে একজন পরিচিত ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্র পরিবারের সদস্যরা জানান, বুধবার (৮ জুলাই) রাতে নিজ বাড়ি থেকে ফারুয়া বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা হন বদিউল আলম। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ফারুয়া সর্বজনীন বৌদ্ধ বিহার সংলগ্ন গোয়েনছড়ি এলাকায় পৌঁছে তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেল থেকে নেমে যান। ওই সময় টানা বর্ষণে সড়কের একটি অংশ পাহাড়ি ঢল বন্যার পানিতে তলিয়ে ছিল। ধারণা করা হচ্ছে, পায়ে হেঁটে পানিবন্দি অংশ অতিক্রম করার সময় প্রবল স্রোতে তিনি ভেসে যান।

রাত গভীর হলেও বদিউল আলম তার ব্যবসা প্রতিষ্ঠানে না পৌঁছানোয় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে তার ছেলে, স্বজন স্থানীয় বাসিন্দারা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালালেও তার কোনো সন্ধান মেলেনি।

অবশেষে বৃহস্পতিবার বিকেলে স্থানীয়রা গয়েনছড়ি বিহার এলাকার একটি কালভার্টের নিচে পানিতে একটি লাশ ভাসতে দেখে উদ্ধার করেন। পরে স্বজনরা মরদেহটি বদিউল আলমের বলে শনাক্ত করেন। 

বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে টানা বর্ষণ, পাহাড়ি ঢল আকস্মিক বন্যায় বিলাইছড়ির বিভিন্ন এলাকায় জনজীবন এখনো বিপর্যস্ত। স্থানীয় প্রশাসন অপ্রয়োজনে প্লাবিত সড়ক ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার পাশাপাশি সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।