বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর রাফি আকন (৯) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দক্ষিন আমরাগাছিয়া খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হন রাফি।
এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজ করে না নিহতের পরিবারের পক্ষ থেকে শনিবার (১২ সেপ্টেম্বর) শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছিল। মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খাঁন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
রাফি আকন বাগেরহাটের খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের জসিম আকনের ছেলে ও আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেনীর ছাত্র ছিল।
মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খাঁন বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এটা হত্যাকান্ড। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি আরও বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য এক নারীসহ পাঁচজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


