গাজায় তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে নতুন এক মানবিক সংকটে পড়েছেন তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুৎ সংকট, পানির অভাব এবং পর্যাপ্ত আশ্রয়ের ব্যবস্থা না থাকায় দুর্বিষহ দিন কাটছে তাদের।
বেইত হানুন থেকে বাস্তুচ্যুত বাসিন্দা মোহাম্মদ আবু ওউদা আল-জাজিরাকে বলেন, গরম এতটাই তীব্র যে অল্প পানি দিয়ে শিশুদের গোসল করাতে হচ্ছে। তাঁবু কিছুটা ঠান্ডা রাখতে পানি ছিটিয়ে দিতে হচ্ছে। বাতাস চলাচল করে এমন জায়গায় বসে কার্ডবোর্ড দিয়ে বাতাস করার চেষ্টা করেই দিন পার করছেন তারা।
তিনি বলেন, “গরম অসহ্য। এভাবেই আমরা বেঁচে আছি।”
এদিকে বিদ্যুৎ সংকটের কারণে গাজার সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। বৈদ্যুতিক সরঞ্জামের দোকানের মালিক আব্দুল রহমান আবেদ জানান, এ বছর গরমের সময়ও ব্যবসা ভালো যাচ্ছে না।
তিনি বলেন, অনেক মানুষ আর্থিক সংকটে থাকায় নতুন সরঞ্জাম কিনতে পারছেন না। যাদের ফ্যান রয়েছে, তারা সেগুলো মেরামত করে কোনোভাবে গরম মোকাবিলার চেষ্টা করছেন। কিন্তু বিদ্যুতের অভাবে অনেক ফ্যানের ব্যাটারিও অচল হয়ে গেছে।
দেইর আল-বালাহ থেকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার বাস্তুচ্যুত মানুষের জন্য প্রচণ্ড গরম মোকাবিলা এখন প্রতিদিনের আরেকটি কঠিন লড়াই হয়ে দাঁড়িয়েছে।


