...|...|...

বিশ্ব

গাজা নিয়ে নিষ্ক্রিয়তার জন্য ‘আমাদের লজ্জা হওয়া উচিত’: ম্যাক্রোঁ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০২ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:০২
Shares
গাজা নিয়ে নিষ্ক্রিয়তার জন্য ‘আমাদের লজ্জা হওয়া উচিত’: ম্যাক্রোঁ

ছবি: সংগৃহীত

গাজার পরিস্থিতি নিয়ে নিষ্ক্রিয়তার জন্য বিশ্ববাসীর লজ্জিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এ   ইমানুয়েল ম্যাক্রোঁ।

সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের শেষ ভাষণে ম্যাক্রোঁ বলেন, গাজার বর্তমান পরিস্থিতি এমন এক দৃশ্য, যা “আমাদের সবার জন্যই লজ্জাজনক”।

তিনি বলেন, “গাজার বিষয়ে আমরা যদি নিষ্ক্রিয় থাকি, তাহলে আমাদের গ্রহণযোগ্যতার মূল্য কী? কেউ কেউ দাবি করছেন শান্তি অর্জিত হয়েছে, কিন্তু এর ফলে মানবিক সহায়তা পৌঁছানোর পথ খোলেনি। এটি এমন এক দৃশ্য, যা আমাদের সবার জন্যই লজ্জাজনক।”

ভাষণের শুরুতে বিশ্বকে ‘জঙ্গলের আইন’ বা শক্তিশালীর আধিপত্যের পরিবর্তে জাতিসংঘের নীতিকে বেছে নেওয়ার আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট।

ম্যাক্রোঁ প্রশ্ন তোলেন, “আমরা কি এমন এক পরিস্থিতিতে বসবাস করতে চাই, যেখানে জঙ্গলের আইন ফিরে এসেছে, নাকি আমরা একটি সভ্য আন্তর্জাতিক সমাজে থাকতে চাই?”

তিনি বলেন, জাতিসংঘের মঞ্চে দৃঢ় অবস্থান নেওয়া এবং এমন সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন, যাতে মানুষ স্বাধীনভাবে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে।

এ সময় আন্তর্জাতিক বিচার আদালতকে (আইসিজে) সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন ম্যাক্রোঁ। তিনি বলেন, দায়মুক্তি বা শাস্তির বাইরে থাকার কোনো ব্যবস্থা গ্রহণযোগ্য নয়।

এ ছাড়া হরমুজ প্রণালীর নৌ-চলাচল নিয়েও কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথকে কোনো ধরনের চাপ প্রয়োগ বা ব্ল্যাকমেইলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয় এবং এটি পুনরায় উন্মুক্ত করার আহ্বান জানান।