শ্রীলঙ্কার কাছে হারের পর এশিয়া কাপের সেমিফাইনালে ওঠার সমীকরণ কঠিন হয়ে গেছে বাংলাদেশের জন্য। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শেষ ম্যাচটি এখন নিগার সুলতানা জ্যোতিদের জন্য বাঁচা-মরার লড়াই। সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচে জয় পাওয়ার বিকল্প নেই বাংলাদেশের।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত মুখোমুখি হবে, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। দুবাইয়ে অনুষ্ঠিত হবে ‘এ’ গ্রুপের গুরুত্বপূর্ণ এই ম্যাচটি।
থাইল্যান্ডের বিপক্ষে বড় জয় দিয়ে এশিয়া কাপ শুরু করলেও বাংলাদেশের ব্যাটিং নিয়ে তখনই প্রশ্ন উঠেছিল। শ্রীলঙ্কার বিপক্ষেও ব্যাটাররা নিজেদের মেলে ধরতে পারেননি। প্রথম দুই ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ছিল যথাক্রমে ১২৯ ও ১১৪ রান।
শুধু ব্যাটিং নয়, ফিল্ডিংয়েও নিজেদের উন্নতি করতে হবে বাংলাদেশকে। শ্রীলঙ্কার বিপক্ষে কম রান নিয়েও লড়াই জমিয়ে তুলেছিল দলটি। তবে গুরুত্বপূর্ণ সময়ে মিসফিল্ড ও ক্যাচ হাতছাড়া করার কারণে শেষ পর্যন্ত ম্যাচটি জেতা সম্ভব হয়নি।
দলের অন্যতম ব্যাটার সোবহানা মোস্তারি মনে করেন, ব্যাটিং ও ফিল্ডিং দুই বিভাগেই আরও উন্নতির জায়গা রয়েছে। তিনি বলেন, শেষ টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপের সময় দল ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং নিয়ে অনেক কাজ করেছে। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে ক্যাচ মিস ও ভুল ফিল্ডিংয়ের কারণে ক্ষতি হচ্ছে। এসব জায়গায় আরও উন্নতি প্রয়োজন।
আমিরাতের বিপক্ষে জিততে পারলে সেমিফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। তবে এখনই সেমিফাইনালের প্রতিপক্ষ নিয়ে ভাবছে না দল। আগের ম্যাচগুলোর ব্যাটিং ব্যর্থতা নিয়েও অতিরিক্ত চিন্তা না করে আপাতত পুরো মনোযোগ শেষ ম্যাচেই রাখতে চাইছে বাংলাদেশ ।
মোস্তারিও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না। তার মতে, সংযুক্ত আরব আমিরাত ভালো একটি দল। তাই শেষ ম্যাচটিতেই দলের পুরো মনোযোগ এবং সেখানে জয় পাওয়াই এখন বাংলাদেশের প্রধান লক্ষ্য ।


