...|...|...

খেলা

এক দলে খেলবেন মেসি-রোনালদো

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৪৫
Shares
এক দলে খেলবেন মেসি-রোনালদো

ছবি: সংগৃহীত

ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ক্রিশ্চিয়ানো রোনালদোকে এবার একই দলের হয়ে খেলতে দেখা যেতে পারে। তাদের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার বাইরে গিয়ে একই জার্সিতে মাঠে নামার এই চমকপ্রদ খবর জানিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার কার্লোস তেভেজ।

বোকা জুনিয়র্সের সাবেক তারকা তেভেজ এক টেলিভিশন সাক্ষাৎকারে বিষয়টি জানান। গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ডিসেম্বর ২০২৬ সালে আর্জেন্টিনার বুয়েনস আইরেসের বিখ্যাত লা বোম্বোনেরা স্টেডিয়ামে হতে পারে তেভেজের বিদায়ী ম্যাচ। সেই ম্যাচেই মেসি রোনালদোকে একই দলে খেলানোর পরিকল্পনা করেছেন তিনি।

ফরাসি সংবাদমাধ্যমফুট মেরকাতো’ র বরাতে জানা গেছে, তেভেজ ইতোমধ্যে মেসি রোনালদোর সাথে যোগাযোগ করেছেন এবং দুজনের কাছ থেকেই সম্মতি পেয়েছেন। ফলে দীর্ঘদিন ধরে ফুটবলভক্তদের যে স্বপ্ন মেসি রোনালদোকে একই দলের হয়ে খেলতে দেখা,তা তেভেজের বিদায়ী ম্যাচে বাস্তবে রূপ নিতে পারে।

মেসি রোনালদোর সাথে তেভেজের সম্পর্কও এই আয়োজনকে বিশেষ মাত্রা দিচ্ছে। আর্জেন্টিনা জাতীয় দলে মেসির সতীর্থ হিসেবে খেলেছেন তিনি। অন্যদিকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সাথেও একই ড্রেসিংরুম ভাগ করেছেন এই আর্জেন্টাইন তারকা।

তেভেজ বলেন, ‘আমি সবসময় স্বপ্ন দেখেছি, ক্রিশ্চিয়ানো লিওকে একই দলে খেলতে দেখব। তারা সর্বকালের সেরা দুই খেলোয়াড়। আমি তাদের সাথে যোগাযোগ করেছি, বিশেষ করে ক্রিশ্চিয়ানোর সাথে। আমি তাকে বলেছিলাম, ‘ক্রিশ্চিয়ানো, আমি চাই তুমি মেসি আমার বিদায়ী ম্যাচে একই দলে খেলো। যাতে পুরো বিশ্ব একবারের জন্য হলেও এই জাদু একসাথে দেখতে পারে।

রোনালদোর সম্মতির কথাও জানিয়েছেন তেভেজ। তিনি বলেন, ‘সে (রোনালদো) বলেছে, সে সেখানে থাকবে। লিওকেও রাজি করানো কঠিন ছিল না। দুজনেই সম্মতি দিয়েছে। আমি ভীষণ রোমাঞ্চিত। এই ম্যাচটি অত্যন্ত আবেগঘন হতে যাচ্ছে।

ফুটবল ইতিহাসে মেসি রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা অন্যতম আলোচিত বিষয়। প্রায় দুই দশক ধরে সেরা ফুটবলারের বিতর্কে দুজনের নামই বারবার সামনে এসেছে। কিন্তু ক্লাব বা জাতীয় দলের কোনো ম্যাচে এখন পর্যন্ত একই দলের হয়ে মাঠে নামেননি তারা।

তাই তেভেজের বিদায়ী ম্যাচে পরিকল্পনাটি বাস্তবায়িত হলে সেটি শুধু তার ক্যারিয়ারের বিদায় নয়, ফুটবল ইতিহাসেরও অন্যতম স্মরণীয় একটি মুহূর্ত হয়ে উঠতে পারে।