...|...|...

খেলা

১০ ঘণ্টায় মেসিকে পেছনে ফেলে নতুন রেকর্ড রোনালদোর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৩০
Shares
১০ ঘণ্টায় মেসিকে পেছনে ফেলে নতুন রেকর্ড রোনালদোর

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের প্রতিদ্বন্দ্বিতার অধ্যায় শেষ হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর জনপ্রিয়তার লড়াই যেন এখনো চলছে। এবার ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দিয়ে মেসির রেকর্ড ভেঙেছেন পর্তুগিজ মহাতারকা রোনালদো। জাতীয় দলকে বিদায় জানানোর ভিডিও বার্তায় পাওয়া লাইকের সংখ্যায় আর্জেন্টাইন অধিনায়ককে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছেন তিনি।

ইনস্টাগ্রামে প্রায় পাঁচ মিনিটের একটি আবেগঘন ভিডিও প্রকাশ করে পর্তুগাল জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন ৪১ বছর বয়সী রোনালদো। ভিডিওতে ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের স্মৃতি তুলে ধরার পাশাপাশি সতীর্থ, পরিবার ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। প্রকাশের পরপরই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।

মার্কিন সংবাদমাধ্যম স্পোর্টস ইলাস্ট্রেটেডের প্রতিবেদন অনুযায়ী, ভিডিও প্রকাশের মাত্র ১০ ঘণ্টার মধ্যে এতে লাইকের সংখ্যা ২ কোটি ৬০ লাখ ছাড়িয়ে যায়। অন্যদিকে, গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়ে মেসির প্রকাশ করা পোস্টে তখন লাইকের সংখ্যা ছিল ১ কোটি ৯৭ লাখ। ফলে অল্প সময়ের ব্যবধানেই মেসিকে পেছনে ফেলেন রোনালদো।

এই ব্যবধান পরবর্তী সময়ে আরও বেড়েছে। মেক্সিকান সংবাদমাধ্যম ফক্স স্পোর্টসের তথ্য অনুযায়ী, প্রথম ২৪ ঘণ্টা শেষ হওয়ার আগেই রোনালদোর ভিডিওতে লাইকের সংখ্যা দাঁড়ায় ৩ কোটি ৮ লাখে। একই সময়ে মেসির বিদায়ী পোস্টে লাইকের সংখ্যা ছিল ১ কোটি ৯৮ লাখ। অর্থাৎ দুই তারকার পোস্টের মধ্যে লাইকের ব্যবধান দাঁড়ায় প্রায় ১ কোটি ১০ লাখে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, পরবর্তী সময়ে রোনালদোর ভিডিওতে লাইকের সংখ্যা প্রায় ৩ কোটি ২০ লাখে পৌঁছায়। পাশাপাশি ভিডিওটিতে মন্তব্য পড়ে ৩২ লাখের বেশি এবং শেয়ার বা রিপোস্ট হয় প্রায় ৬২ লাখ বার।

ভিডিওটির দর্শকসংখ্যাও ছিল চোখে পড়ার মতো। প্রতিবেদন অনুযায়ী, রোনালদোর পোস্টের ভিউ ৪৫ কোটি ৫০ লাখ ছাড়িয়ে যায়। অন্যদিকে মেসির বিদায়ী পোস্টে লাইকের সংখ্যা ছিল প্রায় ২ কোটি, মন্তব্য ৮ লাখ ৯২ হাজার এবং শেয়ার বা রিপোস্ট ২৬ লাখ। তবে ভিউয়ের হিসাবে তখনো এগিয়ে ছিলেন মেসি। তার পোস্টটি দেখেছিলেন ৪৬ কোটির বেশি ব্যবহারকারী।

পরবর্তী সময়ে রোনালদোর ভিডিওর জনপ্রিয়তা আরও বাড়ে। আরব সংবাদমাধ্যম আল আরাবিয়ার তথ্য অনুযায়ী, ভিডিওটিতে লাইকের সংখ্যা প্রায় ৩ কোটি ৩৫ লাখে পৌঁছায়। একই সাথে ভিউ ছাড়িয়ে যায় ৪৮ কোটি ৬০ লাখ। ফলে ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণাকে ঘিরে জনপ্রিয়তার লড়াইয়ে বড় ব্যবধানে এগিয়ে যান পর্তুগিজ তারকা। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত পরিসংখ্যান ভিন্ন সময়ে সংগ্রহ করা হয়েছে।

তবে মেসিকে ছাড়িয়ে গেলেও ইনস্টাগ্রামে সর্বোচ্চ লাইকের পোস্টের রেকর্ড এখনো তার দখলে নেই। এই রেকর্ডের মালিক মেসি নিজেই। ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের পর বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে তোলা কয়েকটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। পোস্টটি পরবর্তী সময়ে ৭ কোটির বেশি লাইক পায়। ২০২৩ সালের ২৪ মার্চ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানায়, ওই পোস্টে লাইকের সংখ্যা ছিল ৭ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৯৪৭।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ক্ষেত্রেও দুই তারকার পথ ছিল আলাদা। গত ৩১ আগস্ট নিজের হাতে লেখা একটি আবেগঘন চিঠির ছবি প্রকাশ করে আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত জানান মেসি। এরপর গত ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে দেশের মাটিতে শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামেন তিনি। ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচে একটি গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেন মেসি। তার নৈপুণ্যে ম্যাচটি ৩-০ গোলে জেতে বিশ্বচ্যাম্পিয়নরা।

অন্যদিকে, ভিডিও বার্তার মাধ্যমে নিজের বিদায়ের ঘোষণা দেন রোনালদো। সেখানে পর্তুগালের হয়ে দীর্ঘ পথচলার স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। জাতীয় দলের সাত নম্বর জার্সি এবার অন্য কারও হাতে তুলে দেওয়ার সময় এসেছে বলেও জানান পর্তুগিজ কিংবদন্তি।

২০০৩ সালে পর্তুগালের হয়ে আন্তর্জাতিক অভিষেকের পর ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলের রেকর্ড নিয়েই বিদায় নিচ্ছেন তিনি। পর্তুগালের হয়ে ২০১৬ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ এবং ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশন্স লিগের শিরোপা জিতেছেন এই ফরোয়ার্ড।

অন্যদিকে, আর্জেন্টিনার জার্সিতে ২০৮ ম্যাচ খেলে ১২৬ গোল করেছেন মেসি। তার নেতৃত্বেই ২০২২ সালে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এ ছাড়া দুটি কোপা আমেরিকা ও একটি ফিনালিসিমার শিরোপাও জিতেছেন তিনি।