বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর মারামারি ও অসদাচরণের ঘটনায় আর্জেন্টিনার তিন ফুটবলারসহ দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনকে শাস্তি দিয়েছিল ফিফা। এবার সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলে আংশিক স্বস্তি পেয়েছে আর্জেন্টিনা। নাহুয়েল মলিনার নিষেধাজ্ঞা ও জরিমানা কমানো হলেও লিয়েন্দ্রো পারেদেসের ১০ ম্যাচের নিষেধাজ্ঞা বহাল রেখেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, ফিফার আপিল বিভাগ মলিনার শাস্তি পুনর্বিবেচনা করে কমিয়েছে। তবে পারেদেসের শাস্তিতে কোনো পরিবর্তন আনা হয়নি। একই সাথে বৈষম্যমূলক স্লোগানের ঘটনায় এএফএর ওপর আরোপিত জরিমানাও বহাল রেখেছে ফিফা।
আগে মলিনাকে সাত ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল ফিফা। আপিলের পর সেই শাস্তি কমিয়ে চার ম্যাচ করা হয়েছে। পাশাপাশি তার আর্থিক জরিমানা ৯০ হাজার ডলার থেকে কমিয়ে ৬০ হাজার ডলারে নির্ধারণ করা হয়েছে। বিশ্বকাপের ফাইনালে স্পেনের শিরোপা উদ্যাপনের সময় মিডফিল্ডার রদ্রিকে ঘুষি মারার ঘটনায় শাস্তির মুখে পড়েছিলেন এই আর্জেন্টাইন ডিফেন্ডার।
অন্যদিকে বর্তমানে বোকা জুনিয়র্সে খেলা লিয়েন্দ্রো পারেদেসের ক্ষেত্রে কোনো ছাড় দেয়নি ফিফা। স্পেনের খেলোয়াড়দের উদ্যাপনের সময় এরিক গার্সিকে ধাক্কা ও আঘাত করার পাশাপাশি গাভির সাথেও সংঘর্ষে জড়ান তিনি। এসব ঘটনার জেরে তার ওপর আরোপিত ১০ ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৯০ হাজার ডলার জরিমানা বহাল রাখা হয়েছে।
শুধু খেলোয়াড়দের শাস্তিই নয়, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ওপর আরোপিত ৩ লাখ ২১ হাজার ডলার জরিমানাও বহাল রেখেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। বৈষম্যমূলক স্লোগানের ঘটনায় সংস্থাটিকে এই অর্থ জরিমানা করা হয়েছিল।
তবে ফিফার সিদ্ধান্ত মেনে নিচ্ছে না এএফএ। পারেদেসের নিষেধাজ্ঞা এবং বৈষম্যমূলক স্লোগানের ঘটনায় জরিমানার বিরুদ্ধে ক্রীড়া সালিশি আদালতে (সিএএস) আপিল করার সিদ্ধান্ত নিয়েছে তারা। এএফএ জানিয়েছে, ফিফার সিদ্ধান্তের বিস্তারিত কারণ জানার পর আনুষ্ঠানিকভাবে আপিল করা হবে। এ বিষয়ে নিজেদের পক্ষে যথেষ্ট তথ্যগত ও আইনি যুক্তি রয়েছে বলেও দাবি করেছে আর্জেন্টিনার ফুটবল সংস্থাটি।
এদিকে একই ঘটনায় শাস্তি পেয়েছিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার থিয়াগো আলমাদা ও সহকারী কোচ রবার্তো আয়ালাও। আলমাদাকে এক ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছিল। অন্যদিকে স্পেনের দানি ওলমোকে ঘুষি মারার ঘটনায় আয়ালাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার ডলার জরিমানা করে ফিফা। আগের আন্তর্জাতিক বিরতিতেই তাদের দুজনের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে।
এদিকে চলতি নভেম্বরের ফিফা উইন্ডোতে দুটি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। আগামী ১৩ নভেম্বর বুয়েন্স আয়ার্সে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ১৭ নভেম্বর কর্দোবায় তাদের প্রতিপক্ষ কোস্টারিকা। লিওনেল মেসির অবসর-পরবর্তী সময়ে এই দুটি ম্যাচ ঘিরেও আগ্রহ রয়েছে সমর্থকদের।



