...|...|...

খেলা

সাকিবের এনওসি পেয়ে বিসিবিকে ধন্যবাদ জানাল ইউনাইটেড টাইগার্স

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩২
Shares
সাকিবের এনওসি পেয়ে বিসিবিকে ধন্যবাদ জানাল ইউনাইটেড টাইগার্স

ছবি: সংগৃহীত

সাকিব আল হাসানকে আবুধাবি টি-টেন লিগে খেলার অনাপত্তিপত্র (এনওসি) দেওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ধন্যবাদ জানিয়েছে ফ্র্যাঞ্চাইজি ইউনাইটেড টাইগার্স। একই সাথে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে বিসিবির সাথে দীর্ঘমেয়াদে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দলটি। অথচ কিছুদিন আগেই চার বাংলাদেশি ক্রিকেটারকে এনওসি না দেওয়ায় প্রকাশ্যে বোর্ডের সমালোচনা করেছিল ফ্র্যাঞ্চাইজিটি।

আবুধাবি টি-টেন লিগের নতুন আসর শুরুর আগে শুক্রবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে বিসিবির প্রতি কৃতজ্ঞতা জানায় ইউনাইটেড টাইগার্স। সাকিবকে টুর্নামেন্টে অংশ নেওয়ার অনুমতি দেওয়ায় বোর্ডকে ধন্যবাদ জানিয়ে নিজেদের অবস্থানের ব্যাখ্যাও দিয়েছে তারা।

ইংরেজিতে দেওয়া বিবৃতিতে ইউনাইটেড টাইগার্স জানায়, আবুধাবি টি-টেন লিগে অংশ নেওয়ার জন্য সাকিব আল হাসানকে অনাপত্তিপত্র দেওয়ায় তারা বিসিবির প্রতি কৃতজ্ঞ।

তবে সাকিবের এনওসি পাওয়ার বিষয়ে বিসিবির পক্ষ থেকে এখন পর্যন্ত আলাদা কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে এ বিষয়ে ফ্র্যাঞ্চাইজিটির বিবৃতিই একমাত্র প্রকাশ্য তথ্য।

বিবৃতিতে নিজেদের আগের বক্তব্যের উদ্দেশ্য নিয়েও ব্যাখ্যা দিয়েছে ইউনাইটেড টাইগার্স। তাদের দাবি, বাংলাদেশের ক্রিকেটারদের আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ বাড়ানোর লক্ষ্য থেকেই আগে বিসিবির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছিল।

ফ্র্যাঞ্চাইজিটি বলেছে, বাংলাদেশের ক্রিকেটকে বিশ্বমঞ্চে এগিয়ে নেওয়ার বিষয়ে তাদের ও বিসিবির লক্ষ্য অভিন্ন। এ লক্ষ্য বাস্তবায়নে বোর্ডের সাথে শক্তিশালী অংশীদারত্ব গড়ে তুলতে চায় তারা।

বিবৃতির শেষাংশে ইউনাইটেড টাইগার্স জানায়, বাংলাদেশের ক্রিকেটারদের আরও এগিয়ে নিতে বিসিবির সাথে কাজ করার অপেক্ষায় রয়েছে তারা। তাদের বক্তব্য, ‘সবার আগে বাংলাদেশ ক্রিকেট। ভবিষ্যতের জন্য ঐক্যবদ্ধ।’

অবশ্য এই সৌহার্দ্যপূর্ণ বক্তব্যের আগে বিসিবির সাথে বেশ টানাপোড়েনের মধ্য দিয়ে গেছে ফ্র্যাঞ্চাইজিটি। গত ২২ অক্টোবর চার বাংলাদেশি ক্রিকেটারকে আবুধাবি টি-টেন লিগে খেলার ছাড়পত্র না দেওয়ায় বোর্ডের সমালোচনা করেন ইউনাইটেড টাইগার্সের মালিক জাফির ইয়াসিন চৌধুরী।

টুর্নামেন্টটির জন্য নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারী ও হাবিবুর রহমান সোহানকে দলে নিয়েছিল ইউনাইটেড টাইগার্স। কিন্তু বিসিবি তাদের কাউকেই অনাপত্তিপত্র দেয়নি।

এ সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে জাফির ইয়াসিন বলেছিলেন, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রিকেটারদের খেলার সুযোগ বাড়ানোর লক্ষ্যেই তাদের দলে নেওয়া হয়েছিল। কিন্তু প্রতিযোগিতা শুরুর কয়েক দিন আগে ছাড়পত্র না পাওয়ায় দলটি সমস্যায় পড়ে।

এ সময় বিসিবির সিদ্ধান্ত গ্রহণ ও নেতৃত্বের সমন্বয় নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার বক্তব্য ছিল, ওই সময়ে চার ক্রিকেটারের আন্তর্জাতিক কোনো দায়িত্ব না থাকায় তাদের আবুধাবি টি-টেন লিগে খেলার অনুমতি দেওয়া উচিত ছিল।

জাফির ইয়াসিনের আশঙ্কা ছিল, বিদেশি লিগে খেলোয়াড়দের অংশগ্রহণের নিশ্চয়তা না থাকলে ভবিষ্যতে বাংলাদেশি ক্রিকেটারদের দলে নিতে আগ্রহ হারাতে পারে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজিগুলো। কারণ, খেলোয়াড় নির্বাচন থেকে শুরু করে চুক্তি, দলীয় পরিকল্পনা ও আর্থিক বিনিয়োগের বিষয়গুলো আগেই সম্পন্ন করতে হয়।

এই বিতর্কের মধ্যেই গত ৪ নভেম্বর সাকিব আল হাসানকে দলে নেওয়ার ঘোষণা দেয় ইউনাইটেড টাইগার্স। নিজেদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের দীর্ঘ অভিজ্ঞতা এবং ব্যাট-বলে ম্যাচের গতিপথ বদলে দেওয়ার সামর্থ্য তাদের দলের জন্য বড় শক্তি হবে।

এরপর সাকিবের এনওসি পাওয়া নিয়ে আলোচনা তৈরি হয়। এবার ফ্র্যাঞ্চাইজিটির নতুন বিবৃতিতে জানানো হলো, বিসিবির কাছ থেকে তার ছাড়পত্র পাওয়া গেছে। তবে আগে এনওসি না পাওয়া বাকি চার ক্রিকেটারের বিষয়ে বোর্ড সিদ্ধান্ত পরিবর্তন করেছে কি না, তা স্পষ্ট নয়। নতুন বিবৃতিতেও তাদের বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি

এদিকে আজ শনিবার (৭ নভেম্বর) শুরু হচ্ছে আবুধাবি টি-টেন লিগের নতুন মৌসুম। সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ২০ নভেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।

আসর শুরুর দিনই মাঠে নামবে ইউনাইটেড টাইগার্স। বাংলাদেশ সময় রাত ১০টায় তাদের প্রতিপক্ষ অ্যারাবিয়ান এইসেস। পরদিন ৮ নভেম্বর ইউএই বুলস এবং ৯ নভেম্বর রয়্যাল ডেজার্ট চ্যাম্পিয়ন্সের মুখোমুখি হবে দলটি।

পাকিস্তানের ফখর জামানের নেতৃত্বাধীন ইউনাইটেড টাইগার্সের স্কোয়াডে রয়েছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাইসহ বেশ কয়েকজন আন্তর্জাতিক ক্রিকেটার। তাদের সাথে এবার যুক্ত হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।