...|...|...

রাজনীতি

প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করে জ্বালানি সংকট সমাধানের পরিকল্পনা দিলেন হাসনাত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, রাত ১:০১ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৪৫
Shares
প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করে জ্বালানি সংকট সমাধানের পরিকল্পনা দিলেন হাসনাত

ছবি: সংগৃহীত

জ্বালানি ও বিদ্যুৎ সংকট সমাধানে প্রধানমন্ত্রী যে ছয় মাসের সময়সীমা দিয়েছেন, সেটিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। একই সাথে সংকট মোকাবিলায় বিরোধী দলের পক্ষ থেকে দেওয়া ১৫ দফা পরিকল্পনা বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী বিরোধী দলকে বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা দেওয়ার জন্য ছয় মাসের সময়সীমা দিয়ে যে চ্যালেঞ্জ দিয়েছেন, তারা তা গ্রহণ করেছেন। একই সাথে তিনি দাবি করেন, সংকট সমাধানের প্রস্তাব আগেই সরকারের কাছে ছিল।

হাসনাত জানান, এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে মোট ১৫ দফা প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে ৩০ দিনের মধ্যে বাস্তবায়নের জন্য পাঁচটি, ৬ থেকে ১৮ মাসের মধ্যে বাস্তবায়নের জন্য ছয়টি এবং দীর্ঘমেয়াদি চারটি প্রস্তাব রয়েছে।

তিনি বলেন, এসব প্রস্তাবে বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণ, ভুল সিদ্ধান্ত এবং সমাধানের পথ তুলে ধরা হয়েছে। পাশাপাশি ভর্তুকি নীতি, ফুয়েল প্ল্যান, কন্টিনজেন্সি প্ল্যান ও ডিজাস্টার রিকভারি প্ল্যান নিয়েও সুনির্দিষ্ট পরামর্শ দেওয়া হয়েছে।

সরকারের মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে হাসনাত অভিযোগ করেন, এত বড় টিম থাকা সত্ত্বেও নাগরিক সমাজ ও বিরোধী দলের দেওয়া প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পৌঁছায়নি। তিনি বলেন, এটি সরকারের সক্ষমতা ও আন্তরিকতা নিয়ে প্রশ্ন তৈরি করে।

বিদ্যুৎ সংকট নিয়ে বিশেষ সংসদীয় অধিবেশন আয়োজনের দাবি জানিয়ে তিনি বলেন, সরকারের উচিত বিরোধী দলের প্রস্তাবগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করা।

হাসনাত অভিযোগ করেন, গত কয়েক মাসে প্রশাসনে ব্যাপক পরিবর্তনের কারণে সরকারি প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা ও ধারাবাহিকতা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ফুয়েল প্ল্যান, কন্টিনজেন্সি প্ল্যান ও দুর্যোগ মোকাবিলার প্রস্তুতিতে ঘাটতি তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ডলার সংকট ও বকেয়ার কারণে বিদ্যুৎ ও জ্বালানি কেনা কঠিন হয়ে পড়েছে—সরকারের এমন বক্তব্যের পরিবর্তে বিকল্প উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে ‘মার্চেন্ট পাওয়ার পলিসি ২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবি জানান তিনি।

তার দাবি, এই নীতির মাধ্যমে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীরা বড় শিল্পপ্রতিষ্ঠানের কাছে সরাসরি বিদ্যুৎ বিক্রির সুযোগ পাবে এবং এতে সরকারের ওপর অতিরিক্ত আর্থিক চাপ পড়বে না।

প্রধানমন্ত্রীর ছয় মাসের সময়সীমা প্রসঙ্গে হাসনাত বলেন, সমাধানের প্রস্তাব আগে থেকেই দেওয়া হয়েছে। এখন ছয় মাসের হিসাব সরকারের, আর সময় শেষে জনগণই জানতে চাইবে সংকটের কারণ কোথায় ছিল।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারকে বিরোধী দলের কাছে চ্যালেঞ্জ ছোড়ার চেয়ে নিজেদের কাজের জবাবদিহি করা উচিত।